বিনোদন ডেস্ক:
ভারতীয় চলচ্চিত্রে তিন দশকের বর্ণাঢ্য অভিনয়জীবন এবং বিভিন্ন সামাজিক অবদানের স্বীকৃতি হিসেবে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি পেয়েছেন অভিনেত্রী রানি মুখার্জি। অস্ট্রেলিয়ার লা ট্রোব বিশ্ববিদ্যালয় তাকে এই সম্মাননা দিয়েছে।
মেলবোর্নে আয়োজিত ভারতীয় চলচ্চিত্র উৎসবের (আইএফএফএম) বিশেষ মঞ্চে আনুষ্ঠানিকভাবে রানির হাতে ডিগ্রিটি তুলে দেওয়া হয়। অভিনয়ের পাশাপাশি শিক্ষা, নারী ক্ষমতায়ন ও শিশু কল্যাণে তার অবদানের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই স্বীকৃতি দিয়েছে।
প্রায় ৩০ বছরের ক্যারিয়ারে রানি মুখার্জি ‘ব্ল্যাক’, ‘হিচকি’, ‘মর্দানি’ এবং ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’র মতো চলচ্চিত্রে শক্তিশালী ও বৈচিত্র্যময় নারী চরিত্রে অভিনয় করে দর্শকদের প্রশংসা পেয়েছেন। বিশেষ করে নারীপ্রধান চরিত্রগুলোতে তার অভিনয় ভারতীয় সিনেমায় আলাদা অবস্থান তৈরি করেছে।
সম্মাননা গ্রহণের পর আবেগাপ্লুত রানি মুখার্জি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। তিনি বলেন, এই সম্মান শুধু একজন ভারতীয় অভিনেত্রীকে নয়, ভারতীয় চলচ্চিত্রের শক্তিকেও স্বীকৃতি দেওয়ার মতো।
কিশোরী বয়সে চলচ্চিত্রে পা রাখার সময় নির্দিষ্ট কোনো পথনির্দেশ ছিল না উল্লেখ করে রানি বলেন, তিনি শুধু নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছেন। তার অভিনীত নারী চরিত্রগুলো দেশের সীমানা পেরিয়ে বিভিন্ন সংস্কৃতির মানুষের হৃদয় ছুঁয়েছে—এটি তার কাছে বিশেষ আনন্দের।
মেলবোর্নে সম্মাননা গ্রহণের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ভক্ত-অনুরাগীরা রানিকে অভিনন্দন জানিয়েছেন।
