নিজ সংবাদ:
শিক্ষাসংক্রান্ত সমস্যা ও শিক্ষার্থীদের দাবি তুলে ধরে সমাধানে ভূমিকা রাখাই ছাত্ররাজনীতির প্রাণশক্তি বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। শিক্ষার্থীদের স্বার্থে কাজ করতে ছাত্রদলের নেতাকর্মীদের প্রতি আহ্বানও জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে ছাত্রদলের নতুন ওয়েবসাইট উদ্বোধন ও বুকলেট বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা ও দাবি সামনে এনে সেগুলোর সমাধানে ভূমিকা রাখাই ছাত্ররাজনীতির মূল উদ্দেশ্য। দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদলের শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তোলার ওপরও গুরুত্ব দেন তিনি।
শেখ হাসিনার সরকারের সময় ছাত্রদলের নেতাকর্মীরা কলেজ পর্যায় থেকেই রাষ্ট্রীয় নিপীড়নের শিকার হয়েছেন বলেও দাবি করেন বিএনপির এই নেতা।
তিনি আরও বলেন, আন্তর্জাতিকভাবে দেশের নাগরিকদের পরিচয় ‘বাংলাদেশি’। শেখ হাসিনা মুখে ‘বাঙালি’ পরিচয়ের কথা বললেও পাসপোর্টে নাগরিকদের ‘বাংলাদেশি’ পরিচয় লিখতে হয়েছে।
অনুষ্ঠানে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, সংগঠনের নতুন ওয়েবসাইটের মাধ্যমে অপপ্রচার ও বিভ্রান্তির বিপরীতে সাধারণ শিক্ষার্থীরা সঠিক তথ্য জানতে পারবেন।
অনুষ্ঠানে ছাত্রদলের চারটি নতুন বুকলেটও উদ্বোধন করা হয়। এসব বুকলেটে জুলাই আন্দোলনসহ গত কয়েক বছরে ছাত্রদলের বিভিন্ন আন্দোলন-সংগ্রামের ইতিহাস তুলে ধরা হয়েছে।
