নিজ সংবাদ:
আগামী সপ্তাহে ভারতে অনুষ্ঠেয় ব্রিকস শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নিচ্ছেন না বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেছেন, প্রধানমন্ত্রীকে যে প্রক্রিয়ায় সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়েছে, তাতে সন্তুষ্ট নয় ঢাকা। তবে পরিবেশ অনুকূল হলে ভারতের সঙ্গে প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক সফর হতে পারে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
হুমায়ুন কবির বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানকে ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রী হিসেবে আমন্ত্রণ জানানো হয়নি। তাকে বিমসটেকের চেয়ারম্যান হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে। এ বিষয়ে তিনি প্রশ্ন তোলেন, বাংলাদেশ সরকারের কাউকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হয়েছে কি না।
দিল্লি সফরের ক্ষেত্রে বহুপক্ষীয় ফোরামে অংশগ্রহণের চেয়ে দ্বিপাক্ষিক আলোচনা ও সফরকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, পারস্পরিক শ্রদ্ধা বজায় রেখে পরিবেশ অনুকূল হলেই দ্বিপাক্ষিক সফর হবে। এ ক্ষেত্রে কোনো তাড়াহুড়ো নেই বলেও জানান তিনি।
এর আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আসন্ন ব্রিকস শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমানকে অংশ নেওয়ার আমন্ত্রণ জানান। তবে আমন্ত্রণপত্রে তাকে প্রধানমন্ত্রী হিসেবে উল্লেখ না করে বিমসটেকের চেয়ারম্যান হিসেবে উল্লেখ করায় বিষয়টি ভালোভাবে নেয়নি ঢাকা।
এদিকে গঙ্গার পানিচুক্তি নবায়ন প্রসঙ্গে হুমায়ুন কবির বলেন, জাতীয় স্বার্থ যেখানে জড়িত, সেখানে সরকার গুরুত্ব ও দক্ষতার সঙ্গে কাজ করবে। বিভিন্ন গণমাধ্যমে কী বলা হচ্ছে, সেটি নয়; দেশের স্বার্থ ও জনগণের কল্যাণই তাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।
