দুই দিনের সফরে ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

রবিবার, সেপ্টে ১৩, ২০২৬

নিজ সংবাদ:

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর আগামী রবিবার (৬ সেপ্টেম্বর) ২ দিনের সফরে নিজ শহর ঠাকুরগাঁও সফরে যাচ্ছেন। রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের পর নিজ জেলায় এটি হবে তার প্রথম সফর।

সফরের প্রথম দিন তিনি একটি নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন। পরদিন ৭ সেপ্টেম্বর ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করার কথা রয়েছে। এ ছাড়া সফরকালে তিনি বাবা-মায়ের কবর জিয়ারত এবং স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করবেন।

কর্মসূচি অনুযায়ী, সংক্ষিপ্ত সফর শেষে আগামী ৭ সেপ্টেম্বর ঢাকায় ফেরার কথা রয়েছে রাষ্ট্রপতির।

রাষ্ট্রপতির আগমনকে কেন্দ্র করে ঠাকুরগাঁওজুড়ে ব্যাপক প্রস্তুতি শুরু হয়েছে। সফরের খবর ছড়িয়ে পড়ার পর শহর ও আশপাশের এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। তাকে একনজর দেখার অপেক্ষায় রয়েছেন স্থানীয় বাসিন্দারা।

ঠাকুরগাঁও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তানভীর হাসান তানু বাসসকে বলেন, রাষ্ট্রপতির ঠাকুরগাঁও সফরের খবরে তৃণমূল থেকে শুরু করে সব স্তরের নেতাকর্মীদের মধ্যে আনন্দ বিরাজ করছে। রাষ্ট্রপতিকে স্বাগত জানাতে সবাই প্রস্তুত।

এদিকে সৌন্দর্যবর্ধন ও স্বাগত জানানোর অংশ হিসেবে শহরের প্রধান সড়ক, গুরুত্বপূর্ণ মোড় এবং সরকারি দফতরগুলোতে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও রঙ করার কাজ চলছে। সফরকে ঘিরে নিরাপত্তাব্যবস্থাও জোরদার করা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।