বিনোদন ডেস্ক:
সামাজিক যোগাযোগমাধ্যমে নানা কর্মকাণ্ডে প্রায়ই ভক্তদের চমকে দেন ঢালিউড চিত্রনায়িকা পরীমণি। এবার এক শিশুকে কোলে নিয়ে ছবি পোস্ট করে নতুন করে আলোচনার জন্ম দিয়েছেন তিনি। ছবির ক্যাপশন ঘিরে ভক্তদের মধ্যে শুরু হয়েছে নানা জল্পনা।
সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি ছবি প্রকাশ করেন পরীমণি। ছবিতে দেখা যায়, গাড়ির ভেতর পরিপাটি সাজে ও রোদচশমা পরে থাকা এই অভিনেত্রীর কোলে জড়িয়ে আছে এক ফুটফুটে শিশু। ছবিটির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘তিন নম্বর জন ডান। আলহামদুলিল্লাহ।’
এরপর থেকেই নেটিজেনদের মধ্যে প্রশ্ন উঠেছে—তবে কি আবারও মা হলেন পরীমণি? পোস্টের মন্তব্যের ঘরে ভক্তদের বিভিন্ন প্রশ্নের জবাবও দিয়েছেন তিনি। এক ভক্ত শিশুটি ছেলে নাকি মেয়ে জানতে চাইলে পরীমণি সংক্ষেপে জানান, ‘ছেলে’।
আরেক নেটিজেন মজা করে জানতে চান, ভবিষ্যতে আর কয়টি সন্তান নেবেন তিনি। জবাবে অভিনেত্রী লেখেন, ‘আর ৯৭টা।’ শিশুপ্রেমী হিসেবে পরিচিত পরীমণি এর আগেও একাধিক সাক্ষাৎকার ও সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক সন্তানের মা হওয়ার ইচ্ছার কথা জানিয়েছেন। এমনকি ১০০ সন্তানের মা হওয়ার কথাও মজা করে বলেছেন তিনি।
এ কারণে অনেকের ধারণা, এবার হয়তো তৃতীয় সন্তান দত্তক নিয়েছেন এই অভিনেত্রী। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি পরীমণি। ফলে তার রহস্যময় পোস্টকে ঘিরে কৌতূহল আরও বেড়েছে।
অভিনেতা শরিফুল রাজের সঙ্গে বিচ্ছেদের পর প্রথম সন্তান শাহীম মোহাম্মদ পূণ্যকে নিজেই লালন-পালন করছেন পরীমণি। পরে তিনি সাফিরা সুলতানা প্রিয়ম নামে একটি কন্যাশিশুকে দত্তক নেন। বর্তমানে কাজের পাশাপাশি সন্তানদের সময় দিচ্ছেন এই অভিনেত্রী।
