বিনোদন ডেস্ক:
দীর্ঘদিন ধরেই রুপালি পর্দা থেকে আড়ালে রয়েছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা সাদিকা পারভীন পপি। অভিনয় থেকে দূরে থাকা এই তারকা এখন জীবন নিয়ে নতুন করে ভাবছেন। জীবনের বাকি সময়টা শান্তি ও সৃষ্টিকর্তার স্মরণে কাটাতে চান বলে জানিয়েছেন তিনি। একই সঙ্গে তার কথায় অভিনয়ে ফেরার অনাগ্রহের ইঙ্গিতও পাওয়া গেছে।
সম্প্রতি এক গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে পপি বলেন, ‘সুন্দরভাবে বাঁচতে চাই। আল্লাহ-খোদার নাম নিতে চাই।’ নিজের অতীতের দিকে ফিরে তিনি আরও বলেন, ‘যতটা পাপ কামিয়েছি, তার সবটা ধুয়েমুছে সুন্দরভাবে মরতে চাই।’
পপির এসব কথায় চলচ্চিত্রের ঝলমলে জগতের বাইরে শান্ত জীবন বেছে নেওয়ার আকাঙ্ক্ষাই স্পষ্ট হয়েছে। যদিও ২০২৫ সালে তিনি জানিয়েছিলেন, দীর্ঘ বিরতির পর অভিনয়ে ফিরতে চান; তবে যেকোনো কাজে নয়, ভালো কোনো কাজের মাধ্যমেই ফিরবেন। ২০২৬ সালে এসেও তার প্রত্যাবর্তনের বিষয়ে নিশ্চিত কোনো খবর পাওয়া যায়নি।
১৯৯৭ সালে ‘কুলি’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় পপির। দীর্ঘ ক্যারিয়ারে বাণিজ্যিক ছবির পাশাপাশি প্রশংসিত বিভিন্ন চলচ্চিত্রে অভিনয় করে দর্শকের কাছে জনপ্রিয়তা অর্জন করেন। অভিনয়ের স্বীকৃতি হিসেবে পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারও।
করোনাভাইরাস মহামারির সময় শুটিং থেকে দীর্ঘ বিরতিতে যান পপি। সুস্থ হওয়ার পর ২০২১ সালের শুরু থেকে মিডিয়াসংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ অনেকটাই বন্ধ করে দেন তিনি। এরপর তাকে ঘিরে নানা গুঞ্জন ছড়ায়। পরে জানা যায়, বিয়ে করে সংসারী হয়েছেন তিনি এবং এক পুত্রসন্তানের মা হয়েছেন। তার ছেলের নাম আয়াত।
