কুড়িগ্রাম এক্সপ্রেসে নারী যাত্রীকে ধর্ষণের অভিযোগ

ক্যান্টিন বয় গ্রেপ্তার

রবিবার, সেপ্টে ১৩, ২০২৬

নিজ সংবাদ:

ঢাকা থেকে কুড়িগ্রামগামী আন্তঃনগর কুড়িগ্রাম এক্সপ্রেসে এক নারী যাত্রীকে ধর্ষণের অভিযোগে ট্রেনটির ক্যান্টিন বয় আবু বক্কর সিদ্দীককে গ্রেপ্তার করেছে সান্তাহার রেলওয়ে থানা পুলিশ। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) তাকে বগুড়া আদালতে পাঠানো হয়েছে। এর আগে সোমবার দিবাগত রাত দেড়টার দিকে ট্রেনের খাবার গাড়ির সঙ্গে সংযুক্ত একটি কামরায় এ ঘটনা ঘটে বলে অভিযোগ করা হয়।

গ্রেপ্তার আবু বক্কর সিদ্দীক নাটোরের লালপুর উপজেলার আব্দুলপুর এলাকার বাসিন্দা। বিষয়টি নিশ্চিত করেছেন সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল হোসেন।

এজাহারের বরাতে ওসি জানান, সিরাজগঞ্জ সদর উপজেলার ওই নারী ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশন থেকে পার্বতীপুর যাওয়ার জন্য ট্রেনে ওঠেন। আসন না পেয়ে তিনি দাঁড়িয়ে ছিলেন। পরে কর্তব্যরত রেলওয়ে পুলিশের সদস্যরা তাকে খাবার গাড়িতে বসার ব্যবস্থা করে দেন।

অভিযোগ রয়েছে, এরপর আবু বক্কর কৌশলে ওই নারীকে খাবার গাড়ির সঙ্গে সংযুক্ত একটি কামরায় নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন।

ট্রেনটি সান্তাহার জংশন স্টেশন পার হওয়ার পর ভুক্তভোগী জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করে সহায়তা চান। পরে পার্বতীপুর স্টেশনে ট্রেন পৌঁছালে রেলওয়ে পুলিশ আবু বক্করকে গ্রেপ্তার করে এবং ওই নারীকে উদ্ধার করে।

ওসি জানান, ভুক্তভোগীকে চিকিৎসা ও পরীক্ষার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাঁর করা মামলায় আবু বক্করসহ মোট পাঁচজনের নাম রয়েছে বলে জানা গেছে। মামলায় দুই পুলিশ সদস্যের নামও উল্লেখ করা হয়েছে। তবে অভিযোগটি তদন্তাধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এদিকে পুলিশ সদস্যদের নাম মামলায় থাকায় ঘটনার তথ্য দিতে ওসির গড়িমসির অভিযোগ করেছেন স্থানীয় সাংবাদিকরা। সান্তাহার শহর প্রেসক্লাবের সভাপতি জিললুর রহমান অভিযোগ করেন, পুলিশ জড়িত থাকার কারণেই তথ্য গোপনের চেষ্টা করা হতে পারে।