শাহজাহান ওমরকে গ্রেফতার দেখানোর নির্দেশ

ইসহাক জোমাদ্দার হত্যা মামলা

শনিবার, সেপ্টে ১২, ২০২৬

নিজ সংবাদ:

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর আদাবর এলাকায় বিএনপি নেতা ইসহাক জোমাদ্দারকে গুলি করে হত্যার মামলায় ঝালকাঠি-১ আসনের সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার মুহাম্মদ শাহজাহান ওমরকে গ্রেফতার দেখিয়েছেন আদালত।

রোববার (৩০ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলম তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। আদাবর থানার উপপরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা মহেশ চন্দ্র সিংহ তাকে এ মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করেন।

মামলার তথ্য অনুযায়ী, নিহত ইসহাক জোমাদ্দার ছিলেন আদাবর থানা এলাকার সাবেক ৩০ নম্বর ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক। ২০২৪ সালের ৫ আগস্ট বিকেলে আদাবরের শ্যামলী ক্লাব মাঠের বিপরীত পাশে আন্দোলন চলাকালে তিনি গুলিবিদ্ধ হন। পরে গুরুতর অবস্থায় তাকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওই ঘটনায় দায়ের করা হত্যা মামলায় সন্দিগ্ধ আসামি হিসেবে শাহজাহান ওমরকে গ্রেফতার দেখানোর আবেদন করা হয়।

তদন্ত কর্মকর্তার আবেদনে বলা হয়েছে, শেখ হাসিনাসহ আওয়ামী লীগের শীর্ষ নেতাদের নির্দেশে আন্দোলনকারীদের ওপর নির্বিচারে গুলিবর্ষণ করা হয়েছিল। সেই গুলিতে ইসহাক জোমাদ্দার নিহত হন বলে মামলায় অভিযোগ করা হয়েছে।

মামলার সুষ্ঠু তদন্ত নিশ্চিত করা এবং শাহজাহান ওমর জামিনে মুক্ত হয়ে আত্মগোপনে যেতে পারেন—এমন আশঙ্কা থেকে তাকে এই মামলায় গ্রেফতার দেখানো প্রয়োজন বলে আবেদনে উল্লেখ করা হয়।

এ ছাড়া তার বিরুদ্ধে নিউমার্কেট ও ঝালকাঠির রাজাপুর থানাসহ বিভিন্ন থানায় একাধিক হত্যা, দুর্নীতি ও বিস্ফোরক মামলা বিচারাধীন রয়েছে বলেও তদন্ত কর্মকর্তা আদালতকে জানিয়েছেন।