জন্মদিনে নতুন সিনেমার সুখবর পেলেন নুসরাত ফারিয়া

শনিবার, সেপ্টে ১২, ২০২৬

বিনোদন ডেস্ক:

জন্মদিনে নতুন সিনেমায় অভিনয়ের সুখবর পেলেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। আজমেরী হক বাঁধনের সঙ্গে একই সিনেমায় দেখা যাবে তাকে। ইমপ্রেস টেলিফিল্ম ও জাজ মাল্টিমিডিয়ার যৌথ প্রযোজনায় নির্মিতব্য ‘লজ্জা’ সিনেমায় অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন ফারিয়া। ছবিটি পরিচালনা করবেন এম এইচ খোকন।

গত ৮ সেপ্টেম্বর ছিল নুসরাত ফারিয়ার জন্মদিন। এদিন ৩১ বছরে পা দেন এই অভিনেত্রী। জন্মদিনের সন্ধ্যাতেই জানা যায়, নতুন সিনেমাটিতে যুক্ত হয়েছেন তিনি।

এর আগে গত শনিবার চ্যানেল আই কার্যালয়ে ‘লজ্জা’ সিনেমার চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন ইমপ্রেস টেলিফিল্ম ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, জাজ মাল্টিমিডিয়ার স্বত্বাধিকারী আবদুল আজিজসহ সংশ্লিষ্টরা। সিনেমাটির গল্প লিখেছেন আবদুল আজিজ।

আগামী ২০ সেপ্টেম্বর থেকে ‘লজ্জা’র শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আগামী বছর প্রেক্ষাগৃহে মুক্তির পরিকল্পনা রয়েছে সিনেমাটির। পরে এটি ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনেও মুক্তি পাবে।

আবদুল আজিজ জানান, সমাজ সচেতনতামূলক গল্পকে কেন্দ্র করে নির্মিত হচ্ছে সিনেমাটি। তবে মুক্তির তারিখ এখনো নির্ধারণ করা হয়নি।

এদিকে নুসরাত ফারিয়ার হাতে রয়েছে আরও একটি কাজ। মেহেদী হাসান পরিচালিত ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’র শুটিংও শেষ পর্যায়ে। একটি গানের দৃশ্যধারণ বাকি রয়েছে। আগামী অক্টোবরে আইস্ক্রিনে সিনেমাটি মুক্তির কথা রয়েছে।