ক্রীড়া ডেস্ক:
আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন লিওনেল মেসি। তবে ক্লাব ফুটবলে মাঠের পারফরম্যান্সে এখনো নিজের সামর্থ্যের প্রমাণ দিয়ে চলেছেন আর্জেন্টাইন এই তারকা। অবসরের ঘোষণার পর ইন্টার মায়ামির হয়ে নিজের প্রথম ম্যাচেই জোড়া অ্যাসিস্ট করেছেন তিনি। তবে তাঁর দল আটলান্টা ইউনাইটেডের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে।
শনিবার রাতে ইন্টার মায়ামির নু স্টেডিয়ামে বৃষ্টিভেজা ম্যাচটি শুরু হতে এক ঘণ্টারও বেশি সময় বিলম্ব হয়। প্রতিকূল আবহাওয়ার কারণে দীর্ঘ অপেক্ষার পর খেলা শুরু হলে মেসিকে ঘিরে দর্শকদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো।
ম্যাচের ৩২ মিনিটে মেসির নেওয়া কর্নার থেকে হেডে গোল করেন কাসেমিরো। কয়েক মিনিট পর মিগুয়েল আলমিরনের গোলে সমতায় ফেরে আটলান্টা। প্রথমার্ধের শেষ দিকে মেসির বাড়ানো ভাসানো বল থেকে তেলাস্কো সেগোভিয়া সুযোগ তৈরি করে দেন লুইস সুয়ারেজকে। বক্সের মাঝখান থেকে ডান পায়ের শটে চলতি মৌসুমে নিজের ১২তম গোল করেন সুয়ারেজ।
তবে ম্যাচের শেষ মুহূর্তে জয় ধরে রাখতে পারেনি মায়ামি। ৮৭ মিনিটে পেনাল্টি থেকে গোল করে আটলান্টাকে সমতায় ফেরান ব্রিল এমবোলো। শেষ দিকে মায়ামির কয়েকটি আক্রমণ সামলে ড্র নিয়েই মাঠ ছাড়ে আটলান্টা।
লিগে ১১ ম্যাচ বাকি থাকতে ইস্টার্ন কনফারেন্সে দ্বিতীয় স্থানে থাকা মায়ামি শীর্ষে থাকা ন্যাশভিলের চেয়ে ১০ পয়েন্ট পিছিয়ে রয়েছে।
ম্যাচের আগে মেসিকে নিয়ে আবেগ প্রকাশ করেন তাঁর সতীর্থ রদ্রিগো দে পল। তিনি বলেন, মেসিকে আবার মাঠে দেখতে পাওয়াটা ছিল অত্যন্ত আবেগঘন ও রোমাঞ্চকর মুহূর্ত।
