জামায়াতের লংমার্চে সাধারণ মানুষের সাড়া নেই: রাশেদ খাঁন

রবিবার, সেপ্টে ১৩, ২০২৬

নিজ সংবাদ:

জামায়াতে ইসলামী ঘোষিত লংমার্চে দলটির নেতাকর্মীদের বাইরে সাধারণ মানুষের কোনো আগ্রহ বা অংশগ্রহণ নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।

শনিবার (৫ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ মন্তব্য করেন।

রাশেদ খাঁন বলেন, বিরোধীদলের নেতাদের মুখে এখন হতাশার ছাপ দেখা যাচ্ছে। জামায়াত ঘোষিত লংমার্চে দলের নেতাকর্মীদের বাইরে সাধারণ মানুষের তেমন কোনো অংশগ্রহণ নেই। অথচ তারা ধারণা করেছিল, রাস্তার দুই পাশে জনতার ঢল নামবে এবং জামায়াতের আমিরের গাড়ি মানুষের ভিড়ে চলতে পারবে না। কিন্তু দেশি-বিদেশি বিনিয়োগের পরও জামায়াত নেতৃত্বাধীন ৯ দলীয় জোট সাধারণ মানুষকে আকৃষ্ট করতে পারেনি।

তিনি আরও বলেন, বিদ্যুৎ, জ্বালানি ও গ্যাসসহ জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন সংকট সম্পর্কে সাধারণ মানুষ যথেষ্ট সচেতন। ছয় মাসের সরকারের ওপর ১৮-২০ বছরের সমস্যা, সংকট ও অব্যবস্থাপনার দায় চাপানোর চেষ্টা মূর্খতার শামিল।

রাশেদ খাঁনের দাবি, স্বাক্ষরিত জুলাই জাতীয় সংসদ বাস্তবায়নে সরকার সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। ফলে বিরোধীদলের ছয় দফা দাবির প্রতিও জনগণের কোনো আগ্রহ নেই।

তিনি অভিযোগ করেন, লংমার্চের কারণে রাস্তাঘাট বন্ধ থাকায় জনভোগান্তি বাড়ছে এবং প্রায় এক লাখ লিটার তেল অপচয় হচ্ছে। পাশাপাশি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল বন্ধ থাকায় প্রতিদিন হাজার হাজার যাত্রী ও পণ্যবাহী যানবাহন ক্ষতিগ্রস্ত হচ্ছে। এতে রাষ্ট্রের কোটি কোটি টাকার লোকসান হতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

রাশেদ খাঁনের অভিযোগ, দলীয় স্বার্থে এবং মিথ্যাচার ও প্রতারণাকে পুঁজি করে জনগণের ওপর জোরপূর্বক ‘লংমার্চ’ চাপিয়ে দেওয়া হয়েছে।