নিজ সংবাদ:
এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ১১ দলীয় জোটের লংমার্চে সাধারণ মানুষের কাছ থেকে অভূতপূর্ব সাড়া পাওয়া যাচ্ছে। মানুষ রাস্তায় তাঁদের গাড়ি থামিয়ে কথা বলছেন, হ্যান্ডশেক করছেন এবং নিজেদের বিভিন্ন সমস্যার কথা জানাচ্ছেন।
শনিবার (৫ সেপ্টেম্বর) ১১ দলীয় জোটের লংমার্চে কুমিল্লার পদুয়ার বাজারে আয়োজিত এক পথসভায় বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, মানুষের ঘরে ঘরে বিদ্যুৎ, গ্যাস ও তেলের সংকট রয়েছে। একই সঙ্গে অনেকে কাজ পাচ্ছেন না। এসব কারণে সরকারের ওপর মানুষ বিরক্ত হয়ে পড়েছে। তাঁর দাবি, গত ছয় মাসে দেশ পরিচালনায় সরকার সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে।
তিনি বলেন, সরকার যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিল, তার কোনোটিই পূরণ করতে পারেনি। মানুষের জীবনযাত্রার সংকট দিন দিন বাড়ছে বলেও মন্তব্য করেন তিনি।
নাহিদ ইসলাম আরও বলেন, ১১ দলীয় জোটের এই লংমার্চ ছয় দফা দাবিকে কেন্দ্র করে আয়োজন করা হয়েছে। এসব দাবি আদায়ে তাঁরা আন্দোলন চালিয়ে যাবেন।
তিনি বলেন, প্রয়োজনে খুব শিগগিরই ঢাকায় লংমার্চের ডাক দেওয়া হতে পারে। সে কর্মসূচিতে সবাইকে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে নাহিদ ইসলাম বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট যেভাবে মানুষ ঢাকায় এসেছিল, একইভাবে আবারও ঢাকায় আসার প্রস্তুতি নিতে হবে।
তিনি আন্দোলনের পরবর্তী কর্মসূচিতে সাধারণ মানুষের অংশগ্রহণ কামনা করেন এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত মাঠে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
