অবাধ ও গ্রহণযোগ্য স্থানীয় সরকার নির্বাচন দিতে ইসি প্রস্তুত: সিইসি

শনিবার, সেপ্টে ১২, ২০২৬

নিজ সংবাদ:

জাতীয় নির্বাচনের ধারাবাহিকতায় একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করতে নির্বাচন কমিশন (ইসি) প্রস্তুত বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেন, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে জাতিকে একটি মানসম্মত স্থানীয় সরকার নির্বাচন উপহার দেওয়া সম্ভব হবে।

বুধবার (৯ সেপ্টেম্বর) রাজারবাগ পুলিশ অডিটরিয়ামে ‘নির্বাচনি দায়িত্ব পেশাদারির সঙ্গে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধিসংক্রান্ত প্রশিক্ষণ’ শীর্ষক কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

সিইসি বলেন, জাতীয় নির্বাচনের মাধ্যমে নির্বাচন কমিশন জনগণের কাছে হারানো আস্থা অনেকাংশে ফিরিয়ে আনতে সক্ষম হয়েছে। একই সঙ্গে নির্বাচন কমিশন ও প্রশাসনিক সংস্থাগুলোর প্রতিও জনগণের আস্থা আগের তুলনায় বেড়েছে বলে মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, মাঠপর্যায়ে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের প্রস্তুতি আরও ত্বরান্বিত করতে কাজ চলছে। জাতীয় নির্বাচনে প্রশাসনিক সংস্থাগুলো নিরপেক্ষতা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করেছে। এর মাধ্যমে তারা নিজেদের সক্ষমতারও প্রমাণ দিয়েছে।

এ এম এম নাসির উদ্দিন বলেন, প্রতিটি কাজের মূল মাপকাঠি হলো তার সাফল্য ও ফলাফল। জাতীয় নির্বাচনে প্রশাসনের ভূমিকার মাধ্যমে জনগণের মধ্যে যে আস্থার সংকট তৈরি হয়েছিল, তা বহুলাংশে পুনরুদ্ধার করা সম্ভব হয়েছে।

তিনি আরও বলেন, জাতীয় নির্বাচনে যে উচ্চ মানদণ্ড বজায় রাখা হয়েছে, স্থানীয় সরকার নির্বাচনেও একই মানদণ্ড অনুসরণ করা হবে। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের লক্ষ্যে প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।