বিনোদন ডেস্ক:
বলিউড অভিনেত্রী কারিনা কাপুর এখন ব্যস্ত সময় পার করছেন। ২০২৩ সালে দাপুটে প্রত্যাবর্তনের পর পরপর দুটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করে দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়িয়েছেন তিনি। বর্তমানে নিজের নতুন সিনেমা ‘দায়রা’র প্রচারে ব্যস্ত এই অভিনেত্রী। আগামী ১৮ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা ছবিটির।
প্রচারণার অংশ হিসেবে দেওয়া এক সাক্ষাৎকারে ভাই রণবীর কাপুর অভিনীত ‘অ্যানিম্যাল’-এর উদাহরণ টেনে বলিউডের সাম্প্রতিক সিনেমার প্রবণতা নিয়ে কথা বলেন কারিনা। তার মতে, গত কয়েক বছরে বড় তারকা, তুমুল অ্যাকশন ও সহিংসতানির্ভর সিনেমার প্রতি বলিউডে অতিরিক্ত ঝোঁক তৈরি হয়েছে।
২০২৩ সাল থেকে ‘পাঠান’, ‘জওয়ান’, ‘গদর ২’ ও ‘অ্যানিম্যাল’-এর মতো সিনেমা বক্স অফিসে সাফল্য পাওয়ার পর অ্যাকশনধর্মী ছবির সংখ্যা বাড়তে থাকে। পরবর্তী সময়েও ‘ধুরন্ধর’, ‘টক্সিক’ ও ‘রোমিও’র মতো সিনেমায় সহিংসতা ও লার্জার-দ্যান-লাইফ চরিত্রের উপস্থিতি দেখা গেছে।
এ প্রবণতা নিয়ে কারিনা বলেন, দর্শক নির্মাতাদের ধারণার চেয়েও বেশি বুদ্ধিমান। ভালো সিনেমা হলে তারা সেটি বুঝতে পারেন এবং দেখতে চান। তার ভাষায়, ‘অ্যানিম্যাল’ সফল হয়েছে বলেই সবাই মিলে হিংসা-বিদ্বেষমূলক সিনেমা বানাচ্ছেন। এ ধরনের কনটেন্ট এখন অনেকটাই সেকেলে হয়ে গেছে।
কারিনা আরও বলেন, বলিউডে অনেকটা ‘ভেড়ার পালের মতো অন্ধ অনুকরণে’র প্রবণতা তৈরি হয়েছে। তবে এর বাইরে কিছু পরিচালক ভিন্ন স্বাদের সিনেমা নির্মাণ করছেন এবং দর্শকদের নতুনভাবে ভাবার সুযোগ দিচ্ছেন। তাদের নিজস্ব দর্শকও রয়েছে।
অভিনেত্রীর মতে, সময় বদলেছে, দর্শকরাও বদলেছেন। এখন দর্শক ট্রেলার দেখেই সিনেমাটি দেখবেন কি না, সে সিদ্ধান্ত অনেকটাই নিয়ে ফেলেন। তাই নির্দিষ্ট কোনো ফর্মুলা অনুসরণ করে সিনেমা বানিয়ে সাফল্য পাওয়া আগের চেয়ে কঠিন।
