বিনোদন ডেস্ক:
অন্য অভিনেত্রীদের কটাক্ষ করে প্রায়ই খবরের শিরোনামে থাকেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত। তবে এবার ভিন্ন ভূমিকায় দেখা গেল তাকে। দক্ষিণী অভিনেত্রী তৃষা কৃষ্ণানের পাশে দাঁড়িয়ে নারীদের চরিত্রহনন ও কুমন্তব্যের বিরুদ্ধে সরব হয়েছেন কঙ্গনা। একই সঙ্গে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়ের এ বিষয়ে দেওয়া বক্তব্যকেও সমর্থন করেছেন তিনি।
সম্প্রতি নারীদের নিয়ে কুমন্তব্য করার ক্ষেত্রে সতর্ক করে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী বিজয়। তার অবস্থানকে সমর্থন করে তৃষার প্রসঙ্গে কথা বলেন কঙ্গনা।
হিমাচল প্রদেশের মান্ডীর বিজেপি সাংসদ কঙ্গনা কুল্লুতে জেলা উন্নয়ন ও পর্যবেক্ষণ সমিতির বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হন। সেখানে তৃষার প্রসঙ্গ উঠলে তিনি বলেন, কোনো বিতর্ক তৈরি হলেই নারীদের চরিত্র নিয়ে প্রশ্ন তোলা হয়।
কঙ্গনার ভাষ্য, একটি ঘটনায় জড়িত একজন সম্মানিত শিল্পী ও অভিনেত্রীর সম্পর্কটি দুই পক্ষের সম্মতিতে হলেও গালিগালাজ ও চরিত্রহননের ক্ষেত্রে সব সময় নারীকেই নিশানা করা হয়। শুধু ভারত নয়, সারা বিশ্বেই কর্মজীবী, সফল নারী, অভিনেত্রী, রাজনীতিক কিংবা গুরুত্বপূর্ণ পদে থাকা নারীদের হেয় করতে তাদের চরিত্র নিয়ে প্রশ্ন তোলা হয় বলেও মন্তব্য করেন তিনি।
এর আগে ডিএমকে নেতা উদয়নিধি স্ট্যালিনের একটি বক্তব্যকে কেন্দ্র করে বিতর্ক তৈরি হয়েছিল। ওই ঘটনায় প্রকাশ্য সভায় তৃষাকে নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগ ওঠে। পরে উদয়নিধির বিরুদ্ধে মামলা হয় এবং তিনি গ্রেপ্তার হয়ে জামিনে মুক্তি পান। সেই ঘটনাকে কেন্দ্র করেই এবার নারীদের চরিত্রহননের বিরুদ্ধে নিজের অবস্থান স্পষ্ট করলেন কঙ্গনা।
