হাইকোর্টে জামিন পেলেন সাংবাদিক আনিস আলমগীর

রবিবার, সেপ্টে ১৩, ২০২৬

নিজ সংবাদ:

হাইকোর্ট সাংবাদিক আনিস আলমগীরের জামিন মঞ্জুর করেছেন। বৃহস্পতিবার (৫ মার্চ) বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী আসলাম মিয়া। পরে তিনি আদেশের বিষয়টি নিশ্চিত করেন। রাজধানীর উত্তরা পশ্চিম থানার সন্ত্রাসবিরোধী আইনের এক মামলায় গত বছরের ডিসেম্বর থেকে কারাগারে ছিলেন আনিস আলমগীর। গত ২২ জানুয়ারি ঢাকা মহানগর দায়রা জজ আদালত তার জামিন নামঞ্জুর করেছিলেন।

গত বছরের ১৪ ডিসেম্বর ধানমন্ডির একটি জিম থেকে জিজ্ঞাসাবাদের জন্য ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয়ে নেওয়া হয় আনিস আলমগীরকে। পরে তাকে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার দেখানো হয়। ১৫ ডিসেম্বর ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে জামিন নামঞ্জুর করে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। রিমান্ড শেষে ২০ ডিসেম্বর কারাগারে পাঠানো হয়। এরপর থেকে তিনি কারাগারে ছিলেন। হাইকোর্টের জামিন আদেশের পর আনিস আলমগীরের পরিবার, সহকর্মী ও সাংবাদিক সমাজে স্বস্তির নিঃশ্বাস পড়েছে। আইনজীবী আসলাম মিয়া বলেন, এই আদেশ সাংবাদিকতা ও মতপ্রকাশের স্বাধীনতার জয়। এ ঘটনা সাংবাদিকদের নিরাপত্তা ও আইনি সুরক্ষা নিয়ে নতুন আলোচনার জন্ম দিয়েছে।