চুক্তির পরও লেবাননে ইসরায়েলের হামলা

সীমান্তে নতুন উত্তেজনা

সোমবার, জুন ১৫, ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক:

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন সমঝোতা চুক্তিতে লেবাননে সামরিক অভিযান বন্ধের শর্তের কথা উল্লেখ করা হলেও তা উপেক্ষা করে দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় একযোগে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে অঞ্চলজুড়ে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

সোমবার (১৫ জুন) লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সির বরাত দিয়ে এ তথ্য প্রকাশ করেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম মিডল ইস্ট আই।

প্রতিবেদন অনুযায়ী, দক্ষিণ লেবাননের খিয়াম শহরে দুটি পৃথক বিমান হামলা চালানো হয়। এছাড়া কাফার তিবনিত এলাকায় একটি গাড়িকে লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হলে কয়েকজন বেসামরিক নাগরিক আহত হন। একই সময়ে কাফার তিবনিত ও নাবাতিহ আল-ফাওকা এলাকায় ব্যাপক গোলাবর্ষণও চালায় ইসরায়েলি বাহিনী।

লেবাননের সংবাদমাধ্যম আরও জানিয়েছে, টায়ারমুখী হারিস-তিবনিক সড়কে রিমোট কন্ট্রোলের মাধ্যমে বিস্ফোরকবোঝাই একটি এম১১৩ সাঁজোয়া যান বিস্ফোরণ ঘটানো হয়েছে। এ ঘটনার পর সীমান্তবর্তী এলাকাগুলোতে নিরাপত্তা উদ্বেগ আরও বেড়েছে।

এদিকে ইসরায়েলি সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে জানিয়েছেন যে, ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার চুক্তিতে লেবানন-সংক্রান্ত যে শর্তগুলো রয়েছে, সেগুলো মানতে ইসরায়েল বাধ্য নয়।

বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক এই হামলা মধ্যপ্রাচ্যে শান্তি প্রচেষ্টার সামনে নতুন চ্যালেঞ্জ তৈরি করতে পারে এবং আঞ্চলিক সংঘাত আরও জটিল হওয়ার আশঙ্কা বাড়িয়েছে।