অসাধারণ ক্যারিয়ারের প্রশংসায় ইনফান্তিনো

মেসির অবসর

শনিবার, সেপ্টে ১২, ২০২৬

ক্রীড়া ডেস্ক:

আর্জেন্টিনা জাতীয় দল থেকে অবসর নেওয়া লিওনেল মেসির প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তিনো। মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারকে ‘অসাধারণ’ আখ্যা দিয়ে ফুটবলে তাঁর স্থায়ী প্রভাবের প্রশংসা করেছেন তিনি।

সোমবার আর্জেন্টিনার হয়ে ঐতিহাসিক ক্যারিয়ারের ইতি টানেন মেসি। জাতীয় দলের জার্সিতে তিনি রেকর্ড ২০৭ ম্যাচ খেলে ১২৫ গোল করেছেন। আন্তর্জাতিক ক্যারিয়ারে তাঁর বড় অর্জনের মধ্যে রয়েছে ২০২২ সালের ফিফা বিশ্বকাপ ও দুটি কোপা আমেরিকা শিরোপা।

মেসির অবসরের প্রতিক্রিয়ায় ইনস্টাগ্রামে হৃদয়স্পর্শী বার্তা দেন ইনফান্তিনো। সেখানে তিনি মেসির অর্জনের পাশাপাশি বিশ্বজুড়ে ফুটবলে তাঁর প্রভাবের কথা তুলে ধরেন।

ফিফা সভাপতি বলেন, মেসির অসাধারণ আন্তর্জাতিক ক্যারিয়ার লাখো মানুষকে অনুপ্রাণিত করেছে এবং ফুটবলকে নতুনভাবে সংজ্ঞায়িত করেছে। তাঁর জাদুকরী প্রতিভা, নম্রতা এবং আর্জেন্টিনার জার্সিতে রেখে যাওয়া অসংখ্য স্মৃতি চিরকাল মনে থাকবে বলেও উল্লেখ করেন তিনি।

ইনফান্তিনো মেসির বিশ্বকাপ জয়, আর্জেন্টিনার হয়ে সর্বোচ্চ ম্যাচ ও গোলের রেকর্ড এবং বিশ্বকাপে সর্বাধিক ম্যাচ খেলার রেকর্ডের কথাও স্মরণ করেন।

২০০৫ সালে আর্জেন্টিনার সিনিয়র দলে অভিষেকের পর দুই দশকের বেশি সময় জাতীয় দলের হয়ে খেলেছেন মেসি। দীর্ঘ অপেক্ষার পর ২০২২ সালে কাতার বিশ্বকাপ জয়ের মাধ্যমে পূর্ণতা পায় তাঁর আন্তর্জাতিক ক্যারিয়ার।

আর্জেন্টিনার হয়ে মেসির শেষ ম্যাচ ছিল ২০২৬ বিশ্বকাপের ফাইনাল। স্পেনের কাছে সেই ম্যাচে হেরে যায় আর্জেন্টিনা। জাতীয় দলের অধ্যায় শেষ হলেও ৩৯ বছর বয়সী মেসি ইন্টার মায়ামির হয়ে ক্লাব ফুটবল চালিয়ে যাবেন।