ভারতীয় হাইকমিশনারের অবস্থানকে ইতিবাচক দেখছেন তথ্য উপদেষ্টা

বুধবার, অক্টো ২৮, ২০২৬

নিজ সংবাদ:

বাংলাদেশ ও ভারতের মধ্যে কিছু অমীমাংসিত বিষয় রয়েছে—ভারতীয় হাইকমিশনারের এমন বক্তব্যকে ইতিবাচক হিসেবে দেখছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে তথ্য অধিদফতরের সম্মেলন কক্ষে সাপ্তাহিক ব্রিফিংয়ে সাম্প্রতিক বৈঠক নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে উত্থাপিত বিভিন্ন বিষয়ে ভারতীয় হাইকমিশনারের প্রতিক্রিয়া সম্পর্কে জানতে চাইলে তথ্য উপদেষ্টা বলেন, হাইকমিশনার বাংলাদেশের বক্তব্য শুনেছেন এবং দুই দেশের মধ্যে কিছু ইস্যু রয়েছে বলে স্বীকার করেছেন। এটিকে তিনি ইতিবাচক বিষয় হিসেবে দেখছেন বলেও জানান।

তবে অমীমাংসিত বিষয় থাকা সত্ত্বেও দুই দেশের মধ্যে সম্পর্ক ও যোগাযোগ আরও বাড়ানোর ওপর ভারতীয় হাইকমিশনার গুরুত্ব দিয়েছেন বলে জানান জাহেদ উর রহমান।

তিনি বলেন, ভারতীয় হাইকমিশনার সম্পর্ক তৈরি ও পারস্পরিক যোগাযোগ বাড়ানোর বিষয়ে জোর দিয়েছেন। একই সঙ্গে বাংলাদেশের সরকার ও জনগণের পক্ষ থেকে তিনি বোঝানোর চেষ্টা করেছেন যে, কিছু বিষয়ে দেশের মানুষের সংবেদনশীলতা রয়েছে। এসব ক্ষেত্রে ভারতের পক্ষ থেকে ইতিবাচক ভূমিকা গুরুত্বপূর্ণ।

উদাহরণ হিসেবে শেখ হাসিনার একটি সংবাদ সম্মেলনের পর বাংলাদেশে তৈরি হওয়া ক্ষোভের প্রসঙ্গ তুলে ধরেন তথ্য উপদেষ্টা। তিনি বলেন, ওই সংবাদ সম্মেলনকে কেন্দ্র করে বাংলাদেশে ক্ষোভ তৈরি হয়েছিল। পরবর্তীতে আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট আরেকটি সংবাদ সম্মেলন বাতিল করা হয়েছিল। এ ধরনের কিছু ভূমিকা দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বলে মনে করেন তিনি।

জাহেদ উর রহমান আশা প্রকাশ করেন, বাংলাদেশ ও ভারতের সম্পর্কের ক্ষেত্রে বিদ্যমান সংবেদনশীল বিষয়গুলো নিয়ে ভারতীয় হাইকমিশনার গুরুত্ব দিয়ে কাজ করবেন। পাশাপাশি পারস্পরিক যোগাযোগ ও ইতিবাচক সম্পৃক্ততার মাধ্যমে অমীমাংসিত বিষয়গুলো সমাধানের পথ তৈরি হবে বলেও প্রত্যাশা করেন তিনি।