নিজ সংবাদ:
দেশের জ্বালানি তেল পরিশোধনের সক্ষমতা তিন গুণ বাড়াতে ইস্টার্ন রিফাইনারির দ্বিতীয় ইউনিট স্থাপনের মেগাপ্রকল্পে ১ বিলিয়ন মার্কিন ডলার অর্থায়নে এগিয়ে এসেছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক (আইডিবি)। এ বিষয়ে একটি দ্বিপক্ষীয় ঋণ চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে আনুষ্ঠানিকভাবে চুক্তিটি স্বাক্ষরিত হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান এবং ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক (আইডিবি) গ্রুপের চেয়ারম্যান ড. মুহাম্মদ আল জাসেরের উপস্থিতিতে এ চুক্তি সই হয়। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি মোস্তফা জুলফিকার হাসান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
চুক্তির আওতায় ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়ন ও সম্প্রসারণ প্রকল্পে ১ বিলিয়ন মার্কিন ডলার অর্থায়ন করবে আইডিবি। প্রকল্পটি দেশের জ্বালানি তেল পরিশোধন সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়ানোর পাশাপাশি আমদানিনির্ভরতা কমাতে ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
সংশ্লিষ্টরা বলছেন, দ্বিতীয় ইউনিট স্থাপিত হলে দেশে অপরিশোধিত জ্বালানি তেল পরিশোধনের সক্ষমতা প্রায় তিন গুণ বাড়বে। এতে জ্বালানি নিরাপত্তা জোরদার, পরিশোধিত তেলের সরবরাহ বৃদ্ধি এবং দেশের জ্বালানি খাতের সামগ্রিক সক্ষমতা উন্নয়নে ইতিবাচক প্রভাব পড়বে।
সরকারের পক্ষ থেকে প্রকল্পটি দ্রুত বাস্তবায়নের মাধ্যমে দেশের দীর্ঘমেয়াদি জ্বালানি চাহিদা পূরণ এবং অর্থনৈতিক কর্মকাণ্ডে স্থিতিশীল জ্বালানি সরবরাহ নিশ্চিত করার প্রত্যাশা করা হচ্ছে।
