বিনোদন ডেস্ক:
চরিত্রকে বাস্তব করে তুলতে তারকারা নানা ধরনের কঠিন প্রস্তুতি নেন। কেউ ওজন বাড়ান বা কমান, আবার কেউ বদলে ফেলেন চেহারা। তবে বলিউডের বর্ষীয়ান অভিনেতা নাসিরুদ্দিন শাহ অভিনয়ের জন্য যে সিদ্ধান্ত নিয়েছিলেন, তা সত্যিই অবাক করার মতো।
সম্প্রতি ‘দ্য কপিল শর্মা শো’-তে এসে অভিনেতা গুলশান গ্রোভার স্মরণ করেন সেই ঘটনা। তিনি জানান, ক্যারিয়ারের শুরুর দিকে নাসিরুদ্দিন শাহের অভিনয়-নিষ্ঠা তাকে বিস্মিত করেছিল।
১৯৮১ সালের সিনেমা ‘চক্র’-তে অপরাধীর চরিত্রে অভিনয়ের সময় প্রায় দেড় থেকে দুই মাস গোসল করেননি নাসিরুদ্দিন শাহ। চরিত্রটির বাস্তবতা পর্দায় ফুটিয়ে তুলতেই তিনি এমন কঠিন সিদ্ধান্ত নিয়েছিলেন বলে জানান গ্রোভার।
নিজে দিনে দুই থেকে চারবার গোসল করেন উল্লেখ করে গুলশান গ্রোভার রসিকতা করে বলেন, নাসিরুদ্দিন শাহের এমন নিষ্ঠার ধারেকাছেও তিনি যেতে পারবেন না। নিজের অভিনীত চরিত্র প্রসঙ্গে তিনি আরও বলেন, ভাগ্য ভালো যে তাকে এমন চরিত্রে অভিনয়ের সুযোগ হয়েছে, যেখানে স্যুট পরে হাতে পানীয় নিয়েই থাকলেই চলে!
রবীন্দ্র ধর্মরাজ পরিচালিত ‘চক্র’ সিনেমায় নাসিরুদ্দিন শাহের সঙ্গে অভিনয় করেছিলেন স্মিতা পাতিল ও কুলভূষণ খরবন্দা। মুম্বাইয়ের বস্তিজীবন, দারিদ্র্য, অপরাধ ও টিকে থাকার সংগ্রাম ছিল সিনেমাটির মূল বিষয়।
কয়েক দশক পরও অভিনয়ে সক্রিয় নাসিরুদ্দিন শাহ। সাম্প্রতিক সময়ে ‘আসি’ ও ২০২৬ সালে মুক্তি পাওয়া ইমতিয়াজ আলীর ‘ম্যায় ভাপাস আউঙ্গা’ ছবিতে দেখা গেছে তাকে। ‘মহারাগ্নি: কুইন অফ কুইন্স’ ছবিটিও রয়েছে মুক্তির অপেক্ষায়।
