বৈশ্বিক লজিস্টিকস হাব হবে লালদিয়া টার্মিনাল: অর্থমন্ত্রী

রবিবার, সেপ্টে ১৩, ২০২৬

নিজ সংবাদ:

চট্টগ্রাম বন্দরের লালদিয়া কনটেইনার টার্মিনালকে বৈশ্বিক লজিস্টিকস ও বাণিজ্যিক হাব হিসেবে গড়ে তোলা হবে বলে মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, এটি শুধু চীনের জন্য নয়, বিশ্বের জন্যও গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র হয়ে উঠবে।

রোববার (৩০ আগস্ট) সকালে কর্ণফুলী নদীর তীরে পতেঙ্গা এলাকায় লালদিয়া কনটেইনার টার্মিনাল নির্মাণের আনুষ্ঠানিক ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমির খসরু বলেন, বাংলাদেশকে বিশ্বের জন্য কার্যকর প্রবেশদ্বার হিসেবে গড়ে তুলতে আধুনিক বন্দর অবকাঠামোর প্রয়োজন রয়েছে। লালদিয়া টার্মিনাল প্রকল্প একটি উচ্চাভিলাষী উদ্যোগ উল্লেখ করে তিনি বলেন, এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে হলে বিশ্বমানের লজিস্টিকস প্রতিষ্ঠান, আধুনিক বাণিজ্যিক অবকাঠামো এবং উন্নত বন্দর ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে।

অর্থমন্ত্রী বলেন, দেশের অর্থনীতিতে বন্দর ও বাণিজ্য খাতের গুরুত্ব অপরিসীম। প্রায় ৮০ বিলিয়ন ডলারের অর্থনৈতিক কর্মকাণ্ড এ খাতকে ঘিরে পরিচালিত হচ্ছে। ভবিষ্যতের অর্থনৈতিক কর্মকাণ্ডও অনেকাংশে বন্দরের সক্ষমতার ওপর নির্ভর করবে।

তিনি জানান, সরকারের লক্ষ্য এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ে তোলা। এ লক্ষ্য অর্জনে বেসরকারি খাতকে নেতৃত্বের ভূমিকায় আনতে হবে। সরকারের দায়িত্ব হবে প্রয়োজনীয় নীতি, সহায়তা ও ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করা।

সরকারি-বেসরকারি অংশীদারত্বের ভিত্তিতে লালদিয়া টার্মিনাল বাস্তবায়ন করা হচ্ছে উল্লেখ করে আমির খসরু বলেন, সরকার ধীরে ধীরে ব্যবসায়িক কর্মকাণ্ড থেকে সরে এসে বেসরকারি খাতকে আরও সম্পৃক্ত করছে।

নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পটি দ্রুত বাস্তবায়নের ওপর গুরুত্ব দিয়ে তিনি সংশ্লিষ্টদের মধ্যে সমন্বয় ও সহযোগিতা নিশ্চিত করার আহ্বান জানান। পাশাপাশি প্রকল্পের সঙ্গে যুক্ত কর্মী ও তাদের পরিবারের কল্যাণের বিষয়টিও গুরুত্ব দিয়ে দেখার কথা বলেন তিনি।