হিলিতে ১০ লাখ টাকার বাজেয়াপ্ত ও মেয়াদোত্তীর্ণ পণ্য ধ্বংস

শনিবার, সেপ্টে ১২, ২০২৬

নিজ সংবাদ:

দিনাজপুরের হিলি স্থল কাস্টমসের গুদামে থাকা বাজেয়াপ্ত ও মেয়াদোত্তীর্ণ প্রায় দেড় টন পণ্য ধ্বংস করা হয়েছে। ধ্বংস করা এসব পণ্যের আনুমানিক মূল্য প্রায় ১০ লাখ টাকা।

বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে হিলির জালালপুরে গোহারা শ্মশানসংলগ্ন ময়লার ডিপোতে এ কার্যক্রম পরিচালনা করা হয়। রোলার ও এক্সক্যাভেটর দিয়ে পণ্যগুলো পিষে ব্যবহারের অনুপযোগী করার পর গর্ত করে মাটিচাপা দেওয়া হয়।

ধ্বংস করা পণ্যের মধ্যে ছিল ব্যবহার অনুপযোগী বিভিন্ন খাদ্যদ্রব্য, তামাকজাত পণ্য ও প্রসাধনী সামগ্রী। এসব পণ্যের পরিমাণ প্রায় দেড় টন এবং নথি অনুযায়ী প্রায় ২ হাজার ১৭৫টি জিআরভুক্ত পণ্য ছিল।

জাতীয় রাজস্ব বোর্ডের নির্দেশনা এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে হিলি শুল্ক গুদামে থাকা এসব পণ্য ধ্বংস করা হয়। রংপুর কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের যুগ্ম কমিশনার ফয়সাল বিন রহমানের সার্বিক তত্ত্বাবধানে এ কার্যক্রম সম্পন্ন হয়।

হিলি স্থল কাস্টমস স্টেশনের উপকমিশনার ও ধ্বংস কমিটির সদস্য সচিব মুহাম্মদ মহি উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে হাকিমপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহদি ইমাম, সহকারী পুলিশ সুপার আনম নিয়ামত উল্লাহ, ২০-বিজিবির সহকারী পরিচালক হুমায়ন কবির, পরিবেশ অধিদফতরের সহকারী পরিচালক বদরুন্নাহার সীমাসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ফয়সাল বিন রহমান জানান, চোরাচালানের অভিযোগে আটক, অখালাসকৃত, মেয়াদোত্তীর্ণ কিংবা নিলামে উপযুক্তভাবে নিষ্পত্তি করা সম্ভব হয়নি—এমন পণ্য নিয়ম অনুযায়ী ধ্বংস করা হয়েছে। কিছু পণ্য আমদানি নিষিদ্ধ হওয়ায় নিলামে বিক্রির সুযোগও নেই।

তিনি বলেন, এটি একটি নিয়মিত প্রক্রিয়া। প্রয়োজনীয় অনাপত্তি ও আইনি প্রক্রিয়া শেষে গুদামে থাকা অন্যান্য পণ্যও পর্যায়ক্রমে ধ্বংস করা হবে।