আন্তর্জাতিক ডেস্ক:
গাজায় ইসরাইলের চলমান যুদ্ধের মধ্যে সাবেক এক ইসরাইলি সেনাকে বিজ্ঞাপনের মুখ হিসেবে ব্যবহার করায় সমালোচনার মুখে পড়েছে ক্রীড়াসামগ্রী নির্মাতা প্রতিষ্ঠান অ্যাডিডাস। প্রতিষ্ঠানটির ‘সিঙ্গেল-শু-সার্ভিস’ প্রচারণায় সাবেক ইসরাইলি সেনা শালেভ বিটনকে যুক্ত করায় মানবাধিকারকর্মী ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের অনেকে প্রতিষ্ঠানটির পণ্য বয়কটের আহ্বান জানিয়েছেন।
অ্যাডিডাসের ‘সিঙ্গেল-শু-সার্ভিস’ এমন ব্যক্তিদের জন্য, যাদের একটি পা নেই। জোড়ার পরিবর্তে প্রয়োজন অনুযায়ী একটি জুতা কেনার সুযোগ দেওয়াই এ উদ্যোগের লক্ষ্য। তবে গাজা যুদ্ধের প্রেক্ষাপটে প্রচারণায় সাবেক ইসরাইলি সেনাকে সামনে আনা নিয়েই মূল বিতর্ক তৈরি হয়েছে।
সমালোচকদের প্রশ্ন, গাজায় সংঘাতের কারণে যখন বিপুলসংখ্যক মানুষ অঙ্গহানি ও গুরুতর আহত হয়েছেন, তখন প্রতিবন্ধী মানুষের জন্য নেওয়া সুবিধামূলক উদ্যোগটির প্রচারণায় কেন ইসরাইলি সামরিক বাহিনীর সাবেক সদস্যকে বেছে নেওয়া হলো।
শালেভ বিটন ২০২১ সালের মে মাসে গাজার কাছে এক সংঘর্ষে আহত হয়ে বাম পা হারান। অ্যাডিডাসের প্রচারণায় তার অন্তর্ভুক্তি গাজা যুদ্ধের বর্তমান মানবিক বাস্তবতায় অঙ্গহানি ও প্রতিবন্ধিতাকে প্রতিষ্ঠানটি কীভাবে উপস্থাপন করছে, তা নিয়েও প্রশ্ন তুলেছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) ২০২৬ সালের মে মাসের হিসাব অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় সংঘাতের কারণে ৫ হাজারের বেশি মানুষ হাত বা পা হারিয়েছেন। একই সময়ে ২২ হাজারের বেশি মানুষ গুরুতর অঙ্গহানির শিকার হয়েছেন। ইউনিসেফের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ৩ ফেব্রুয়ারি পর্যন্ত ১১ হাজারের বেশি শিশু এমন গুরুতর আঘাত পেয়েছে, যার দীর্ঘমেয়াদি প্রভাব তাদের জীবনে থেকে যাওয়ার আশঙ্কা রয়েছে।
ডব্লিউএইচওর আরেক হিসাবে, ২০২৪ সালের সেপ্টেম্বর থেকে ২০২৬ সালের মে পর্যন্ত গাজায় অঙ্গহানি হওয়া ২ হাজার ২৭৭ জনের মূল্যায়ন করা হয়েছে। তাদের মধ্যে মাত্র ৫০২ জন কৃত্রিম অঙ্গ পেয়েছেন। সংস্থাটি জানিয়েছে, সেখানে পুনর্বাসনসেবা ও প্রয়োজনীয় সহায়ক চিকিৎসা সরঞ্জামের তীব্র সংকট রয়েছে।
এমন পরিস্থিতিতে সমালোচকেরা বলছেন, তাদের আপত্তি ‘সিঙ্গেল-শু-সার্ভিস’ উদ্যোগের উদ্দেশ্যের বিরুদ্ধে নয়; বরং গাজা যুদ্ধের সময় প্রচারণার মুখ হিসেবে সাবেক ইসরাইলি সেনাকে বেছে নেওয়ার বিষয়টিকেই সমস্যাজনক মনে করছেন তারা।
সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে ব্যাপক প্রতিক্রিয়া দেখা গেছে। স্প্যানিশ অভিনেতা হাভিয়ের বারদেমও অ্যাডিডাস বয়কটের আহ্বান জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্টোরি পোস্টে তিনি অনুসারীদের প্রতিষ্ঠানটির পণ্য বয়কট করতে বলেন।
অ্যাডিডাস ইউরোপে ‘সিঙ্গেল-শু-সার্ভিস’ চালু করে ২০২৬ সালের ১৯ জানুয়ারি। পরে মার্চে উদ্যোগটির আনুষ্ঠানিক ঘোষণা দেয় প্রতিষ্ঠানটি। ইউরোপের ২৩টি দেশে অ্যাডিডাসের মালিকানাধীন স্টোরের মাধ্যমে সেবাটি চালু করা হয়েছে বলে জানিয়েছে কোম্পানিটি।
সূত্র: আনাদোলু এজেন্সি
