ম্যানসিটি ছেড়ে বেনফিকায় এচেভেরি

এবার কি মিলবে নিয়মিত সুযোগ ?

শনিবার, সেপ্টে ১২, ২০২৬

ক্রীড়া ডেস্ক:

ম্যানচেস্টার সিটির সঙ্গে সাড়ে চার বছরের দীর্ঘমেয়াদি চুক্তি হলেও আকাশি-নীল জার্সিতে মাত্র এক ম্যাচ মাঠে নামার সুযোগ পেয়েছেন আর্জেন্টাইন তরুণ ক্লদিও এচেভেরি। তবে থেমে নেই ১৯ বছর বয়সী এই অ্যাটাকিং মিডফিল্ডারের ফুটবলযাত্রা। এবার ধারে পর্তুগিজ পরাশক্তি বেনফিকায় যোগ দিয়েছেন তিনি।

চুক্তির আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে ইতোমধ্যে লিসবনে পৌঁছেছেন এচেভেরি। বেনফিকায় যোগ দেওয়ার ক্ষেত্রে ম্যানচেস্টার সিটির দুই তারকা রুবেন দিয়াজ ও বার্নার্দো সিলভার পরামর্শ বড় ভূমিকা রেখেছে। দুজনই বেনফিকার সাবেক খেলোয়াড়। তাদের পরামর্শেই পর্তুগিজ ক্লাবটিতে যোগ দিতে আগ্রহী হন এচেভেরি।

পর্তুগিজ সংবাদমাধ্যম ‘এ বোলা’ জানিয়েছে, ধারে খেলানোর পাশাপাশি ভবিষ্যতে এচেভেরিকে স্থায়ীভাবে দলে নেওয়ার সুযোগও রাখছে বেনফিকা।

২০২৪ সালের জানুয়ারিতে আকাশচুম্বী প্রত্যাশা নিয়ে রিভার প্লেট থেকে ম্যানসিটিতে যোগ দেন এচেভেরি। তবে ইতিহাদে তীব্র প্রতিযোগিতার কারণে নিয়মিত সুযোগ না পেয়ে ধারে বেয়ার লেভারকুসেন ও জিরোনায় খেলেছেন। কিন্তু কোনো ক্লাবেই নিয়মিত একাদশে জায়গা করে নিতে পারেননি তিনি।

এবার বেনফিকার কোচ মার্কো সিলভার কৌশলে গুরুত্বপূর্ণ ভূমিকা পাওয়ার প্রত্যাশা করছেন এচেভেরি। এমনকি ক্লাবটির ঐতিহ্যবাহী ১০ নম্বর জার্সিও তার হাতে উঠতে পারে বলে গুঞ্জন রয়েছে।

২০২৩ সালের অনূর্ধ্ব-১৭ দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়নশিপে ৫ গোল ও ৩ অ্যাসিস্ট করে যৌথভাবে সর্বোচ্চ গোলদাতা হন তিনি। একই বছর অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে ব্রাজিলের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে দুর্দান্ত হ্যাটট্রিক করে আলোচনায় আসেন এই আর্জেন্টাইন প্রতিভা।