নিজ সংবাদ:
মাদারীপুরের ডাসার উপজেলায় ঢাকা-বরিশাল মহাসড়কে একটি মিনি ট্রাক ও পণ্যবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন গুরুতর আহত হয়েছেন।
সোমবার (১৫ জুন) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার বালীগ্রাম ইউনিয়নের কর্ণপাড়া এলাকায় একটি ফিলিং স্টেশনের পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত আবু নাঈম খান (৫৫) মাদারীপুর সদর উপজেলার কুলপদ্দী এলাকার বাসিন্দা এবং দুর্ঘটনাকবলিত মিনি ট্রাকের চালক ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিপরীত দিক থেকে আসা দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মিনি ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান আবু নাঈম খান। দুর্ঘটনায় পণ্যবাহী ট্রাকের চালক জুয়েল (৩৫), সহকারী সজীব (২৫) এবং শ্রমিক আমিরুল (৩২) ও লাভলু (৩০) গুরুতর আহত হন। স্থানীয়রা, ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা দ্রুত তাদের উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়। পরে দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়। ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান মাহমুদ জানান, দুর্ঘটনার পর প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শুরু হয়েছে। নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে এবং দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত অব্যাহত রয়েছে।
