২২ বছর আগের বাড়ি দখলের ঘটনা নিয়ে বিভ্রান্তি

বিস্মিত দিলারা জামান

শনিবার, সেপ্টে ১২, ২০২৬

বিনোদন ডেস্ক:

অভিনেত্রী দিলারা জামানের বাড়ি দখল নিয়ে সম্প্রতি ছড়িয়ে পড়া তথ্যকে ‘আজগুবি’ ও বিভ্রান্তিকর বলে মন্তব্য করেছেন তিনি। তাঁর দাবি, বাড়ি দখলের যে ঘটনা নিয়ে আলোচনা হচ্ছে, সেটি বর্তমান সময়ের নয়; প্রায় ২২–২৩ বছর আগের ঘটনা।

শুক্রবার বিকেলে বিষয়টি নিয়ে দিলারা জামানের সঙ্গে কথা বলা হলে তিনি হাসতে হাসতে বলেন, ‘মানুষের মাথা কি নষ্ট হয়ে গেছে! একটু ভেবেচিন্তে, কথা বলে লিখলে তো ভালো হয়। ভালো কাজে যদি মস্তিষ্ক কাজে না লাগে, তাহলে কেমন লাগে! কী আর বলব।’

দিলারা জামান জানান, ২০০৩–২০০৪ সালের দিকে তিনি ঢাকার শ্যামলী এলাকায় পৈতৃক বাড়িতে পরিবার নিয়ে বসবাস করতেন। একপর্যায়ে বাড়িটি দখলের পরিস্থিতি তৈরি হয়। তখন বিষয়টি নিয়ে প্রথম আলোয় প্রতিবেদন প্রকাশিত হলে সংশ্লিষ্টদের মধ্যে তৎপরতা দেখা দেয় এবং শেষ পর্যন্ত সেই দখলের পরিস্থিতি আর এগোয়নি।

তবে ওই বাড়িটি এখন আর তাঁর মালিকানায় নেই। দিলারা জামান বলেন, শ্যামলীর বাড়িটি পরবর্তী সময়ে তিনি বিক্রি করে দেন। ২০০৮ সালে পরিবার নিয়ে উত্তরায় চলে এসে সেখানে ১ হাজার ৬০০ বর্গফুটের একটি ফ্ল্যাট কেনেন। এরপর থেকে সেখানেই বসবাস করছেন।

দেশের বাইরে থাকা দুই মেয়ের কাছে মাঝে মাঝে গেলেও বর্তমানে অভিনয় নিয়েই ব্যস্ত থাকেন তিনি। পুরোনো ঘটনাটি এত বছর পর নতুন করে ছড়িয়ে পড়ায় বিস্ময় প্রকাশ করে দিলারা জামান বলেন, হঠাৎ করে এ ধরনের তথ্য সামনে আসায় তিনি নিজেই অবাক হয়েছেন।