যুক্তরাষ্ট্রে ডিজেলের দাম গ্যালনপ্রতি ৬ ডলার ছাড়িয়ে রেকর্ড

শনিবার, সেপ্টে ১২, ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক:

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধের প্রভাবে বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহে ব্যাঘাত ঘটায় যুক্তরাষ্ট্রে ডিজেলের দাম নতুন রেকর্ড গড়েছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) দেশটিতে ডিজেলের জাতীয় গড় দাম গ্যালনপ্রতি ৬ ডলার ছাড়িয়ে গেছে। ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল এ তথ্য জানিয়েছে।

মোটর ক্লাব এএএ-এর তথ্য অনুযায়ী, বর্তমানে যুক্তরাষ্ট্রে ডিজেলের জাতীয় গড় দাম গ্যালনপ্রতি ৬ দশমিক ০৫ ডলার। এক সপ্তাহ আগে এই দাম ছিল ৫ দশমিক ৮৫ ডলার। আর এক বছর আগে গ্যালনপ্রতি ডিজেলের গড় দাম ছিল ৩ দশমিক ৭০ ডলার। অর্থাৎ এক বছরের ব্যবধানে জ্বালানিটির দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

ডিজেলের এই মূল্যবৃদ্ধির প্রভাব ইতোমধ্যে পণ্য পরিবহন ও সরবরাহ ব্যবস্থায় পড়তে শুরু করেছে। যুক্তরাষ্ট্রে পণ্যবাহী ট্রাক ও ডেলিভারি ব্যবস্থার বড় একটি অংশ ডিজেলনির্ভর হওয়ায় পরিবহন ব্যয় বাড়ছে। বাড়তি খরচ সামাল দিতে কিছু প্রতিষ্ঠান অনলাইন অর্ডার ও ডাকযোগে পাঠানো পণ্যের ক্ষেত্রে ভোক্তাদের কাছ থেকে অতিরিক্ত ফি নেওয়া শুরু করেছে।

বিশেষজ্ঞদের আশঙ্কা, ডিজেলের উচ্চমূল্যের সবচেয়ে বড় প্রভাব পড়তে পারে মুদি বাজারে। মাংস ও শাকসবজির মতো দ্রুত পচনশীল পণ্য নিয়মিত পরিবহন ও মজুত করতে হয়। এসব পণ্য উৎপাদনেও কৃষকেরা ডিজেলচালিত বিভিন্ন যন্ত্রপাতি ব্যবহার করেন।

ফলে পরিবহন ও উৎপাদন—দুই ক্ষেত্রেই ব্যয় বাড়লে এর প্রভাব পড়তে পারে ভোক্তা পর্যায়ের দামে। জ্বালানি সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক না হলে যুক্তরাষ্ট্রে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য আরও বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে।