আন্তর্জাতিক ডেস্ক:
ইরানের গুরুত্বপূর্ণ জ্বালানি কেন্দ্র খার্গ দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলার দাবি অস্বীকার করেছে তেহরান। ন্যাশনাল ইরানিয়ান অয়েল কোম্পানির প্রধান হামিদ বোভার্ড জানিয়েছেন, দ্বীপটিতে তেল উত্তোলন ও সংশ্লিষ্ট কার্যক্রম স্বাভাবিক রয়েছে।
বার্তা সংস্থা রয়টার্স নুরনিউজের বরাত দিয়ে জানিয়েছে, খার্গ দ্বীপের গুরুত্বপূর্ণ তেল স্থাপনা ধ্বংস হওয়ার খবরও অস্বীকার করেছেন বোভার্ড। তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি নিয়ে কটাক্ষ করে বলেন, ট্রাম্পের পোস্টগুলো ‘হাস্যকর’ এবং খার্গের পরিস্থিতি শান্ত রয়েছে।
এর আগে রোববার সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে ট্রাম্প দাবি করেন, ইরানের গুরুত্বপূর্ণ জ্বালানি কেন্দ্র খার্গ দ্বীপে হামলা চালানো হচ্ছে। এ দাবির সঙ্গে তিনি বিস্ফোরণের একটি ভিডিওও প্রকাশ করেন। তবে রয়টার্সের যাচাই অনুযায়ী, ভিডিওটি সম্ভবত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি।
হামিদ বোভার্ড বলেন, খার্গ দ্বীপ থেকে ইরানের প্রায় ৯০ শতাংশ তেল রপ্তানি করা হয়। অতীতেও মার্কিন ও ইসরায়েলি বাহিনী দ্বীপটিতে বোমাবর্ষণ করেছে বলে উল্লেখ করে তিনি বলেন, তেল শ্রমিকরা কখনো তাদের কার্যক্রম পুরোপুরি বন্ধ করেননি।
তিনি আরও জানান, বর্তমানে ঠিকাদাররা দ্বীপের তেল সংরক্ষণ ট্যাংক ও জেটিগুলো পুনর্নির্মাণ এবং আধুনিকায়নের কাজ করছেন। ফলে ইরানের দাবি অনুযায়ী, খার্গ দ্বীপের তেল কার্যক্রম এখনো সচল রয়েছে।
