প্রতিরক্ষা উপদেষ্টার সাথে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

শনিবার, সেপ্টে ১২, ২০২৬

নিজ সংবাদ:

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলামের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী সৌজন্য সাক্ষাৎ করেছেন। বুধবার (৯ সেপ্টেম্বর) ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগের প্রতিরক্ষা উপদেষ্টার কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানায়, বৈঠকের শুরুতে দুই পক্ষ পারস্পরিক শুভেচ্ছা বিনিময় করেন। পরে বাংলাদেশ ও ভারতের সশস্ত্র বাহিনীর মধ্যে পেশাগত সহযোগিতা বাড়ানোসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

বৈঠকে দুই দেশের সশস্ত্র বাহিনীর পেশাগত মানোন্নয়নে যৌথ প্রশিক্ষণ কর্মসূচি, সামরিক কর্মকর্তাদের অভিজ্ঞতা ও প্রশিক্ষণ বিনিময়, দুর্যোগ ব্যবস্থাপনা, আঞ্চলিক শান্তি ও সমুদ্র নিরাপত্তাসহ বিভিন্ন বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।

সাক্ষাৎকালে ভারতীয় হাইকমিশনার বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে সরকারের নেওয়া বিভিন্ন কার্যক্রমের প্রশংসা করেন। তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে ভারতের গভীর সামরিক ও কৌশলগত সম্পর্ককে ভারত অত্যন্ত গুরুত্ব দেয়।

দুই দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে পেশাগত সহযোগিতা ও সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি অভিন্ন নিরাপত্তা স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে ভবিষ্যতেও একসঙ্গে কাজ করার বিষয়ে ভারতের অব্যাহত অঙ্গীকারের কথা পুনর্ব্যক্ত করেন দীনেশ ত্রিবেদী।

বৈঠকে বাংলাদেশ ও ভারতের মধ্যকার দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখা এবং অভিন্ন বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় দুই দেশ একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে।

সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের উচ্চপর্যায়ের বৈঠক দুই দেশের প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতাকে আরও এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।