মৃত্যুদণ্ডের ডেথ রেফারেন্স ও আপিলের রায় পড়া চলছে

মাগুরায় শিশু ধর্ষণ-হত্যা

রবিবার, সেপ্টে ১৩, ২০২৬

নিজ সংবাদ:

মাগুরায় আট বছরের শিশু আছিয়াকে ধর্ষণ ও হত্যার মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত হিটু শেখের মৃত্যুদণ্ড অনুমোদন (ডেথ রেফারেন্স) এবং তার করা আপিলের ওপর রায় ঘোষণা শুরু হয়েছে।

সোমবার (৩১ আগস্ট) বেলা ১১টার দিকে হাইকোর্টের বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত বেঞ্চে রায় পড়া শুরু হয়।

এর আগে গত ২৫ আগস্ট রায় ঘোষণার কথা থাকলেও রাষ্ট্রপক্ষের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত আজকের দিন নির্ধারণ করেন। মামলায় রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ইমাম হোসেন তারেক। তাকে সহযোগিতা করেন সহকারী অ্যাটর্নি জেনারেল রোহানী সিদ্দীকা ও মাহবুবা তাসনিম আঁখি। হিটু শেখের পক্ষে ছিলেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হাফিজুর রহমান খান।

মামলার অভিযোগ অনুযায়ী, গত বছরের ৫ মার্চ রাতে মাগুরা সদর উপজেলার নিজনান্দুয়ালী এলাকায় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে নির্যাতনের শিকার হয় আট বছরের আছিয়া। অভিযোগ ওঠে, তার বোনের শ্বশুর হিটু শেখ শিশুটিকে ধর্ষণের পর হত্যার চেষ্টা করেন। তিন দিন পর ৮ মার্চ শিশুটির মা হিটু শেখসহ চারজনকে আসামি করে মামলা করেন। পরে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছিয়ার মৃত্যু হয়।

পুলিশ ১৩ এপ্রিল আদালতে অভিযোগপত্র দেয়। ২৩ এপ্রিল অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরু হয়। গত ১৭ মে মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল হিটু শেখকে এক লাখ টাকা জরিমানাসহ মৃত্যুদণ্ড দেন। মামলার অপর তিন আসামিকে খালাস দেওয়া হয়।

পরে ২১ মে মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য মামলার নথি হাইকোর্টে পাঠানো হয়। বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে ২৫ জুন হাইকোর্টে আপিল করেন হিটু শেখ। শুনানি শেষে ১ জুলাই আপিলটি গ্রহণ করেন হাইকোর্ট। একই সঙ্গে তার অর্থদণ্ড স্থগিত করা হয়। এর ধারাবাহিকতায় আজ মামলাটির রায় ঘোষণা চলছে।