দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযানে মাদকসহ আটক-২

বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬

 

দৌলতপুর প্রতিনিধি \ কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মাদকসহ ২জন মাদক চোরাকারবারী আটক হয়েছে। গতকাল রবিবার দুপুর ২টার দিকে বিজ্ঞপ্তিতে সূত্রে এ তথ্য জানিয়েছে বিজিবি। বিজিবি সূত্র জানায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধীনস্থ’’ জামালপুর বিওপির দায়িত্বপূর্ণ পশ্চিম দক্ষিণ ফিলিপনগর এলাকায় গতকাল রবিবার ভোর সাড়ে ৫টায় বিজিবির টহল দল অভিযান চালায়। এ সময় মো. রকি হোসেন (২৫) নামে একজন মাদক চোরকারবারীকে ২৫ গ্রাম হেরোইনসহ আটক করা হয়। সে একই এলাকার মৃত আমিরুল মোল্লার ছেলে। অপরদিকে শনিবার রাত  পৌনে ৮টায় প্রাগপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার গোলাম মাওলার আমবাগানে অভিযান চালিয়ে মো. সামিরুজ্জামান হিটু (৪৯)কে ১০০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট এবং ৩১ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক করা হয়। সে প্রাগপুর গ্রামের মৃত কেয়ামত আলীর ছেলে। একইদিন রাত ৮.৪৫ টায় রামকৃষ্ণপুর বিওপির টহল দল মোহাম্মদপুর মাঠে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৯০০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট, ১ হাজার পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট, ১১ প্যাকেট কীটনাশক এবং ১১৬ প্যাকেট পাতার বিড়ি উদ্ধার করে। এছাড়াও শনিবার দিবাগত রাত ৩টার দিকে শুভরাজপুর বিওপির একটি টহল দল শুভরাজপুর মাঠপাড়ায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৫ বোতল ভারতীয় মদ এবং ১ হাজার পিস ডেক্সামেথাসন ট্যাবলেট উদ্ধার করে। বিজিবি’র পৃথক অভিযানে উদ্ধার হওয়া মাদক ও মাদকদ্রব্যের সিজার মূল্য ৫ লাখ ৭৮ হাজার ৬৯০ টাকা বলে বিজিবি সূত্র জানিয়েছে। কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) সীমান্ত এলাকায় মাদক, অস্ত্র ও সকল প্রকার চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা কঠোর অবস্থানে রয়েছে। সীমান্ত নিরাপত্তা নিশ্চিতে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে বিজিবি’র বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।