ওবায়দুল কাদেরসহ পাঁচ আসামির সম্পত্তির অর্ধেক বাজেয়াপ্ত

বৃহস্পতিবার, অক্টো ১, ২০২৬

নিজ সংবাদ:

চব্বিশের জুলাই গণআন্দোলনে শহীদ ও আহতদের পরিবারের ক্ষতিপূরণ দিতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ পাঁচ আসামির স্থাবর-অস্থাবর সম্পত্তির ৫০ শতাংশ বাজেয়াপ্তের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। বাজেয়াপ্ত সম্পত্তি বিক্রি করে প্রাপ্ত অর্থ জুলাই ফাউন্ডেশন বা অন্য কোনো বিধিবদ্ধ প্রতিষ্ঠানের মাধ্যমে ক্ষতিগ্রস্তদের পরিবারকে দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণার সময় এ নির্দেশ দেন ট্রাইব্যুনাল-২। চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা করেন। প্যানেলের অন্য দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

এদিন ট্রাইব্যুনাল চেয়ারম্যান ৫৫৭ পৃষ্ঠার রায়ের সংক্ষিপ্ত অংশ পাঠ করেন। রায়ে মামলার পলাতক সাত আসামিকেই মৃত্যুদণ্ডসহ আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাত আসামি হলেন—আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনান।

আসামিদের মধ্যে সাদ্দাম হোসেন ও ওয়ালি আসিফ ইনান ছাড়া বাকি পাঁচজনের স্থাবর ও অস্থাবর সম্পত্তির অর্ধেক বাজেয়াপ্তের আদেশ দেওয়া হয়েছে। অর্থাৎ ওবায়দুল কাদের, নাছিম, আরাফাত, পরশ ও নিখিলের সম্পত্তির ৫০ শতাংশ বাজেয়াপ্ত হবে।

রায়ে বলা হয়, এসব সম্পত্তি বিক্রি করে পাওয়া অর্থ ২০২৪ সালের জুলাই-আগস্ট আন্দোলনে নিহত ও আহত ব্যক্তি কিংবা তাদের পরিবারের ক্ষতিপূরণে ব্যয় করা হবে। জুলাই ফাউন্ডেশন অথবা অন্য কোনো বিধিবদ্ধ প্রতিষ্ঠানের মাধ্যমে এই অর্থ ক্ষতিগ্রস্তদের কাছে পৌঁছে দেওয়ার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।