আন্তর্জাতিক ডেস্ক:
ভারতের রাজধানী নয়াদিল্লিতে ব্রিকস শীর্ষ সম্মেলনের একদিন আগে আগামী শুক্রবার দ্বিপাক্ষিক বৈঠকে বসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠেয় সম্মেলনের আগে দুই নেতার বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছে মস্কো। ভারতের সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস এ খবর জানিয়েছে।
মঙ্গলবার ভারতীয় সাংবাদিকদের সঙ্গে এক অনলাইন মতবিনিময় সভায় ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেশকভ জানান, ব্রিকস সদস্য দেশগুলোর সঙ্গে রাশিয়ার মোট বাণিজ্যের প্রায় ৯০ শতাংশ এখন নিজ নিজ জাতীয় মুদ্রায় সম্পন্ন হচ্ছে।
মোদি ও পুতিনের সম্পর্কের গুরুত্ব তুলে ধরে পেশকভ বলেন, দুই নেতার মধ্যে ঘনিষ্ঠ ব্যক্তিগত যোগাযোগ রয়েছে। তারা বৈশ্বিক এজেন্ডা ও দ্বিপাক্ষিক সম্পর্কের সংবেদনশীল বিষয়গুলো বাস্তববাদী, খোলামেলা ও গঠনমূলকভাবে আলোচনা করতে পারেন।
পশ্চিমা নিষেধাজ্ঞার ঝুঁকিতে থাকা ভারতীয় ব্যবসার প্রসঙ্গে পেশকভ বলেন, অর্থনৈতিক ও প্রযুক্তিগত সহযোগিতার অনেক বিষয় প্রকাশ্যে আলোচনা করা সম্ভব নয়। তবে এসব বিষয়ে দুই দেশ অন্তরালে গভীরভাবে কাজ করছে। ভারতীয় কোম্পানিগুলো রাশিয়ার বাজারে বিনিয়োগ বাড়াতে আগ্রহী বলেও জানান তিনি। মস্কো এ আগ্রহকে স্বাগত জানাচ্ছে।
রাশিয়ার জ্বালানি তেল সরবরাহের ক্ষেত্রেও প্রতি মাসে নতুন রেকর্ড তৈরি হচ্ছে বলে উল্লেখ করেন ক্রেমলিনের এই মুখপাত্র।
ইউক্রেন যুদ্ধ প্রসঙ্গে ভারতের অবস্থানকে স্বাগত জানিয়ে পেশকভ বলেন, রাশিয়া সংকটটির শান্তিপূর্ণ সমাধান চায় এবং এ প্রক্রিয়ায় উন্মুক্ত রয়েছে। একই সঙ্গে যুদ্ধ বন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রচেষ্টা এবং মস্কো-কিয়েভের মধ্যে মধ্যস্থতার উদ্যোগকেও স্বাগত জানান তিনি।
এদিকে রুশ সেনাবাহিনীতে ভারতীয় নাগরিকদের অন্তর্ভুক্তির বিষয়ে পেশকভ বলেন, যুদ্ধক্ষেত্রে থাকা ভারতীয়দের শনাক্ত করে যত দ্রুত সম্ভব তাদের দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে।
