বিনিয়োগে প্রতিবন্ধকতা

বুধবার, নভে ২৫, ২০২৬

বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি ৩৩ বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে এবং টানা সাত মাস ধরে ৫ শতাংশের নিচে অবস্থান করছে। এদিকে শিল্প খাতে অস্থিরতা কাটছে না, কারখানাগুলো সক্ষমতার পুরোটাই কাজে লাগাতে পারছে না, কিছু কারখানা বন্ধের উপক্রম, মূল্যস্ফীতি কিছুটা কমলেও তা সহনীয় মাত্রায় আসেনি, দিন দিন বেকার মুখ বেড়েই চলেছে—এই সবকিছু সামগ্রিক অর্থনৈতিক সংকটকেই সামনে আনে। এই পরিস্থিতিতে নতুন বিনিয়োগের ঝুঁকি নিতে চাইছেন না উদ্যোক্তারা। এতে বাজারে মন্দাভাবও কাটছে না। আবার সময়মতো ঋণ পরিশোধ করতে না পারায় খেলাপি ঋণের পরিমাণও বাড়ছে। পরিস্থিতি এতটাই নাজুক, ভালো ব্যবসায়ীদের নামও খেলাপি ঋণের খাতায় চলে যাচ্ছে। বিশ্লেষকদের অভিমত থেকে জানা যায়, দেশের বিনিয়োগে নানা ধরনের প্রতিবন্ধকতা রয়েছে। সময়ের সঙ্গে সঙ্গে এসব বাধা দূর হওয়ার কথা ছিল, কিন্তু কার্যত তা জেঁকে বসেছে। পুরনো ব্যবসা সচল রাখতেও রয়েছে নানামুখী চ্যালেঞ্জ, আবার নতুন ব্যবসা শুরু করতেও পাহাড়সম বাধা। নতুন একটি কারখানা স্থাপন করতে উদ্যোক্তাকে দিনের পর দিন এক দপ্তর থেকে আরেক দপ্তরে দৌড়ঝাঁপের শিকার হতে হয়। পরিবেশ অধিদপ্তর, রাজউক, বিসিক, বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহকারী সংস্থা, স্থানীয় প্রশাসনসহ নানা দপ্তরের অনুমোদন নিতে হয়। ব্যবসায়ীদের অভিযোগ, প্রায় প্রতিটি ধাপেই নানা হয়রানির শিকার হতে হয়। ঘুষের কারবারসহ অযথা সময়ক্ষেপণের অভিযোগ রয়েছে। ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি তাসকীন আহমেদ যথার্থই বলেছেন, ‘আমলাতান্ত্রিক জটিলতা ও ঘন ঘন নীতির পরিবর্তন বিনিয়োগের পরিবেশকে অনিশ্চিত করে তুলছে। একটি নতুন প্রকল্প অনুমোদন পেতে গড়ে দু-তিন বছর পর্যন্ত সময় লাগছে। এই সময় সুদ, জ্বালানি ও কাঁচামালের দাম বেড়ে প্রকল্পের সম্ভাব্যতা প্রশ্নের মুখে পড়ে। ফলে অনেকে বিনিয়োগ থেকে বিরত থাকছেন।’ বিশ্লেষকমহল সতর্ক করেছে, চলমান পরিস্থিতির দ্রুত উন্নতি না হলে উৎপাদন ও কর্মসংস্থানে চাপ আরো বাড়বে, যা সামাজিক অস্থিরতা তৈরির পাশাপাশি প্রবৃদ্ধির লক্ষ্য অর্জনও কঠিন করে তুলতে পারে। অর্থনৈতিক সংকট আরো প্রকট হতে পারে। খবরে বলা হয়, শুধু তৈরি পোশাক খাত নয়, আবাসন ও রিয়েল এস্টেট খাতেও স্থবিরতা তৈরি হয়েছে। এই খাতের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় ২৫০ থেকে ২৬০টি শিল্প জড়িত। নির্মাণকাজ কমলে সিমেন্ট, রড, ইট, টাইলস, কাচ, বৈদ্যুতিক সরঞ্জাম, আসবাবসহ বহু খাতের বিক্রি কমে যায়। এর প্রভাব সরাসরি কর্মসংস্থানে পড়ছে এবং অর্থনীতিতে চাহিদা কমিয়ে দিচ্ছে। আবাসনের পাশাপাশি তৈরি পোশাক, চামড়া, জুতা, সিরামিক, প্লাস্টিক ও হোম টেক্সটাইল খাতেও বিনিয়োগ কমেছে। আরো একটি বিষয় লক্ষণীয়, দেশে বিনিয়োগে প্রতিবন্ধকতার কারণে এক শ্রেণির উদ্যোক্তা অবৈধ পথে অর্থ সরিয়ে নেওয়ার দিকে ঝুঁকছেন। এর আঁচ পাওয়া যায় সুইস ন্যাশনাল ব্যাংকের তথ্যে। দেখা গেছে, ২০২৫ সালে সুইস ব্যাংকে বাংলাদেশিদের নামে ও বাংলাদেশ-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের জমা অর্থ ৪১ শতাংশ বেড়ে ৮৩ কোটি ৪১ লাখ সুইস ফ্রাঁ হয়েছে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২ হাজার ৭৬৩ কোটি টাকা। চলমান টানাপড়েনের মধ্যে দেশ থেকে যদি অবৈধ পথে টাকা চলে যায়, তাহলে সংকট আরো ঘনীভূত হবে। একটি বিষয় পরিষ্কার, বিনিয়োগে প্রত্যাশিত গতি ফেরাতে হলে আস্থার পরিবেশ নিশ্চিত করতে হবে। এ জন্য ব্যাংকঋণের সুদহার সহনীয় পর্যায়ে নামানো, সেবা খাতে কার্যকর অটোমেশন, করব্যবস্থায় স্থিতিশীলতা এবং আমলাতান্ত্রিক জটিলতা কমানো জরুরি। প্রশাসনে সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি অনিয়ম ও দুর্নীতি বন্ধে স্বচ্ছতা ও জবাবদিহি অপরিহার্য।