নিজ সংবাদ:
দেশীয় প্রসাধনী, ত্বকের যত্ন ও ব্যক্তিগত পরিচর্যার বাজার ইতোমধ্যে এক বিলিয়ন ডলারের সীমা অতিক্রম করেছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। নগরায়ণ, ক্রমবর্ধমান মধ্যবিত্ত শ্রেণি ও ডিজিটাল খুচরা ব্যবসার প্রসারের সঙ্গে এ বাজার আরও সম্প্রসারিত হচ্ছে বলেও জানান তিনি।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) রিমার্ক-হারল্যান গ্রুপ আয়োজিত বাণিজ্য প্রদর্শনী ‘কসমেটিকা ঢাকা-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।
শামা ওবায়েদ বলেন, ১৬টি দেশের অংশীদারদের অংশগ্রহণ শুধু বাণিজ্যিক সাফল্য নয়, বরং বাংলাদেশ যে বৈশ্বিক ব্যক্তিগত পরিচর্যা শিল্পের একটি বিশ্বাসযোগ্য কেন্দ্র হিসেবে গড়ে উঠছে, তারও প্রমাণ। একটি কসমেটিকস ব্র্যান্ড রপ্তানির মাধ্যমে শুধু পণ্য নয়, নিয়ন্ত্রক মান, বৈজ্ঞানিক দক্ষতা, উদ্ভিদভিত্তিক ঐতিহ্য এবং সৌন্দর্য ও যত্নের সাংস্কৃতিক ধারণাও বিশ্ববাজারে তুলে ধরা সম্ভব।
তিনি বলেন, বাংলাদেশের সামনে শুধু আমদানির মাধ্যমে অভ্যন্তরীণ চাহিদা পূরণের সুযোগ নেই। কাঁচামাল ও উদ্ভিদ নির্যাস সংগ্রহ থেকে শুরু করে ফর্মুলেশন, চুক্তিভিত্তিক উৎপাদন, পরীক্ষাগার, নিয়ন্ত্রক সম্মতি, টেকসই প্যাকেজিং ও ব্র্যান্ডিং—পুরো সরবরাহ শৃঙ্খল স্থানীয়ভাবে গড়ে তোলার সুযোগ রয়েছে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, তৈরি পোশাক খাতে বাংলাদেশ ইতোমধ্যে যে লজিস্টিকস, কমপ্লায়েন্স ব্যবস্থা, প্রাইভেট লেবেল উৎপাদন ও বৈশ্বিক ক্রেতা-সম্পর্ক গড়ে তুলেছে, তা প্রসাধনীসহ সংশ্লিষ্ট শিল্পেও কাজে লাগানো যেতে পারে।
