আইয়ুব বাচ্চুর ‘উত্তরাধিকার’ নিয়ে বিতর্ক

সমালোচনার মুখে ‘ঘুমন্ত শহরে’

রবিবার, সেপ্টে ১৩, ২০২৬

বিনোদন ডেস্ক:

কিংবদন্তি ব্যান্ড তারকা আইয়ুব বাচ্চুর গান নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে প্রকাশ করা হয়েছে বিশেষ অ্যালবাম ‘উত্তরাধিকার’। তার ২০টি জনপ্রিয় গান নিয়ে সাজানো এ অ্যালবামে সমসাময়িক বিভিন্ন ব্যান্ড ও শিল্পী নতুন করে সংগীতায়োজন করেছেন। অ্যালবাম থেকে পাওয়া অর্থ ব্যয় করা হবে আইয়ুব বাচ্চু জাদুঘর তৈরির কাজে।

তবে প্রকাশের পরই অ্যালবামের কয়েকটি গান নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা শুরু হয়েছে। ১৬ আগস্ট আইয়ুব বাচ্চুর জন্মদিনে ইউটিউবে প্রকাশিত হয় প্রথম গান ‘রুপালি গিটার’। এতে কণ্ঠ দিয়েছেন বাপ্পা মজুমদার। এখন পর্যন্ত সাতটি গান প্রকাশিত হয়েছে। এর মধ্যে অদিত রহমানের কণ্ঠে ‘ঘুমন্ত শহরে’ গানটি নিয়ে সবচেয়ে বেশি আলোচনা-সমালোচনা দেখা যাচ্ছে।

শ্রোতাদের একাংশের অভিযোগ, নতুন সংগীতায়োজনের পাশাপাশি গায়কীতিতেও পরিবর্তন আনা হয়েছে। এতে আইয়ুব বাচ্চুর মূল গানের আবেগ ও আবেদন নষ্ট হয়েছে। কেউ কেউ গানটি ইউটিউব থেকে সরিয়ে নেওয়ার দাবিও জানিয়েছেন। এমনকি দাবি পূরণ না হলে আইনি পদক্ষেপের হুঁশিয়ারিও এসেছে।

তবে অ্যালবামের সব গান নিয়ে নেতিবাচক প্রতিক্রিয়া নেই। আইয়ুব বাচ্চুর জন্মদিন উপলক্ষে মোল্লা বাবুর গাওয়া ‘কষ্ট কাকে বলে’ গানটির পরিবেশনা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসিত হয়েছে। মোল্লা বাবুও ‘ঘুমন্ত শহরে’ শুনে মূল গানের আবেদন খুঁজে পাননি বলে জানিয়েছেন।

এদিকে ‘উত্তরাধিকার’ প্রকল্পের সঙ্গে নিজের সম্পৃক্ততার বিষয়টি স্পষ্ট করেছেন আইয়ুব বাচ্চুর দীর্ঘদিনের সহযাত্রী ও গিটারিস্ট আব্দুল্লাহ আল মাসুদ। তিনি জানিয়েছেন, প্রকল্পটির শুরু থেকে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত বা কার্যক্রমের সঙ্গে তিনি যুক্ত নন।

মাসুদের ভাষ্য, আইয়ুব বাচ্চুর গান নতুন করে পরিবেশনের ক্ষেত্রে তার গানের আবেগ, মর্যাদা ও মূল অনুভূতি অক্ষুণ্ন রাখা জরুরি। শিল্পীর মৃত্যুর পর তার রেখে যাওয়া সৃষ্টিই সবচেয়ে বড় উত্তরাধিকার—এটিই যেন কোনোভাবে অসম্মানিত না হয়।