আন্তর্জাতিক ডেস্ক:
যুক্তরাষ্ট্রের একটি বিমানবাহী রণতরী ও একটি নৌবাহিনীর যুদ্ধজাহাজ লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। তবে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র দুটি কোনো মার্কিন যুদ্ধজাহাজে আঘাত হানেনি। হামলায় কোনো মার্কিন সেনাও আহত হননি।
ইরানের রাষ্ট্রীয় বার্তাসংস্থা ইরনার প্রকাশিত বিবৃতিতে আইআরজিসি জানায়, তাদের অ্যারোস্পেস ফোর্স দুই মার্কিন যুদ্ধজাহাজ লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়ে। ইরানি বাহিনীর দাবি, যুদ্ধজাহাজ দুটি ইরানি জাহাজকে হয়রানি এবং সমুদ্রপথে অবরোধে অংশ নিচ্ছিল।
আইআরজিসি আরও দাবি করেছে, হামলায় জাহাজ দুটি ক্ষতিগ্রস্ত হওয়ার পর ‘সংঘর্ষের এলাকা’ ছেড়ে যায়। তবে সেন্টকমের বক্তব্য এর সঙ্গে ভিন্ন। মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, আঞ্চলিক জলসীমায় টহলরত দুটি যুদ্ধজাহাজ লক্ষ্য করে ইরান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল। তবে জাহাজ দুটি হামলা এড়িয়ে যেতে সক্ষম হয়।
ইরানের আইআরজিসি হুঁশিয়ারি দিয়ে বলেছে, যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান অব্যাহত থাকলে ইরানের সশস্ত্র বাহিনী আরও তীব্র জবাব দেবে।
এর আগে শনিবার আইআরজিসির নৌবাহিনী দাবি করেছিল, ইরানি তেলবাহী জাহাজে যুক্তরাষ্ট্রের হামলার জবাবে হরমুজ প্রণালিতে তিনটি তেলবাহী ট্যাংকারসহ যুক্তরাষ্ট্রের সঙ্গে সংশ্লিষ্ট আরও তিনটি জাহাজকে লক্ষ্যবস্তু করা হয়েছে। পরে সেন্টকম জানায়, তারা ইরানের তিনটি অপরিশোধিত তেলবাহী ট্যাংকারে হামলা চালিয়েছে।
চলতি বছরের ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানবিরোধী হামলার পর দুই দেশের মধ্যে সংঘাত অব্যাহত রয়েছে।
