হরমুজের কাছে মার্কিন চুক্তিবদ্ধ বাণিজ্যিক জাহাজে ইরানের হামলা

বৃহস্পতিবার, অক্টো ১, ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক:

হরমুজ প্রণালির কাছে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিবদ্ধ একটি বাণিজ্যিক জাহাজে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে। চলতি সপ্তাহের শুরুতে ইরানের চালানো এ হামলায় জাহাজটির কয়েকজন ক্রু আহত হয়েছেন বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজ।

ফক্স নিউজকে বিষয়টি সম্পর্কে অবগত দুটি সূত্র জানিয়েছে, হামলায় চারটি ইরানি ড্রোন এবং অন্তত একটি ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়। এর মধ্যে একটি প্রক্ষেপণাস্ত্র সরাসরি জাহাজটিতে আঘাত হানে। এতে কয়েকজন কর্মী সামান্য শারীরিক আঘাত পান এবং ধোঁয়ায় শ্বাসকষ্টের সমস্যায় ভোগেন। আহতদের একটি অজ্ঞাত উপসাগরীয় দেশে চিকিৎসা দেওয়া হচ্ছে। হামলার সময় জাহাজটিতে কয়েকজন মার্কিন কর্মীও ছিলেন।

ঘটনাটি নিয়ে এখনো ওয়াশিংটন বা তেহরানের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বিবৃতি পাওয়া যায়নি। ইউএস সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এবং ইউএস নেভাল ফোর্সেস সেন্ট্রাল কমান্ডও তাৎক্ষণিকভাবে এ বিষয়ে মন্তব্য করেনি।

হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হওয়ায় সেখানে বাণিজ্যিক জাহাজে একের পর এক হামলার ঘটনায় আঞ্চলিক উত্তেজনা আরও বেড়েছে। মঙ্গলবারও ওই এলাকায় একটি জাহাজে হামলার খবর পাওয়া যায়।