ভেনিসে বাঁধনের ওপর হামলার ঘটনায় ছাত্রদল সভাপতির নিন্দা

শনিবার, সেপ্টে ১২, ২০২৬

নিজ সংবাদ:

ইতালির ভেনিসে জনপ্রিয় বাংলাদেশি অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) মধ্যরাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ প্রতিবাদ জানান।

পোস্টে রাকিবুল ইসলাম রাকিব দাবি করেন, ভেনিসে আজমেরী হক বাঁধনের ওপর নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা হামলা চালিয়েছে। তিনি এ ঘটনাকে ‘কাপুরুষোচিত সন্ত্রাসী হামলা’ হিসেবে উল্লেখ করে এর তীব্র নিন্দা জানান।

রাকিব বলেন, একজন নারী এবং জুলাই যোদ্ধাকে বিদেশের মাটিতে একা পেয়ে এ ধরনের হামলা প্রমাণ করে, হামলাকারীদের মধ্যে সামান্যতম অনুশোচনাও তৈরি হয়নি।

তিনি আরও বলেন, যারা এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত, তাদের প্রতি কোনো ধরনের সহানুভূতি দেখানোর সুযোগ নেই। কঠোর হাতে তাদের দমন করা হবে এবং জুলাই গণহত্যার বিচার নিশ্চিত করা হবে।

ছাত্রদল সভাপতি তার পোস্টে বাঁধনের ওপর হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও আহ্বান জানান।

ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন মহলে আলোচনা চলছে। তবে হামলার ঘটনা ও এতে জড়িত ব্যক্তিদের বিষয়ে বিস্তারিত তথ্য এখনো সামনে আসেনি।