আন্তর্জাতিক ডেস্ক:
পাকিস্তানের বেলুচিস্তানে কাস্টমস হাউসে সশস্ত্র হামলা ও পরবর্তী নিরাপত্তা অভিযানে নিরাপত্তা বাহিনীর সদস্যসহ অন্তত ২৭ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে নিরাপত্তা বাহিনীর পাঁচ সদস্য ও কাস্টমস বিভাগের একজন কর্মকর্তা রয়েছেন। অন্যদিকে পাল্টা অভিযানে ২১ সশস্ত্র সদস্য নিহত হয়েছেন বলে জানিয়েছে পাকিস্তানের সামরিক বাহিনী।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিবৃতিতে এসব তথ্য জানায়। দেশটির সংবাদমাধ্যম ডনের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
আইএসপিআর জানায়, ৩১ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর রাত পর্যন্ত চাগাই জেলার নোকচা এবং পিশিন জেলার জিয়ারাত ক্রস এলাকায় পৃথক অভিযানে ২১ সশস্ত্র সদস্য নিহত হন। কাস্টমস হাউসে প্রবেশের চেষ্টা করে হামলাকারীরা সমন্বিত আক্রমণ চালালে নিরাপত্তা বাহিনী পাল্টা প্রতিরোধ গড়ে তোলে। কয়েক দফা গোলাগুলির পর ঘটনাস্থলে ১০ হামলাকারী নিহত হয়। পরে পালিয়ে যাওয়া সদস্যদের বিরুদ্ধেও অভিযান চালানো হয়।
সামরিক বাহিনী জানায়, হামলার সময় নিরাপত্তা বাহিনীর পাঁচ সদস্য ও কাস্টমসের একজন কর্মকর্তা নিহত হন। তাদের ‘সাহসী সন্তান’ হিসেবে উল্লেখ করেছে আইএসপিআর।
এর আগে চাগাইয়ের এন-৪০ মহাসড়কে অবৈধ তল্লাশিচৌকি স্থাপনের ঘটনায় অভিযানে ১১ জন এবং রেকো ডিক প্রকল্পের যানবহরে হামলার পর অভিযানে ১২ জন নিহত হন। ওয়াশুকে পৃথক অভিযানে আরও দুজন নিহত হন।
এদিকে হামলার পর বেলুচিস্তানের বিভিন্ন এলাকায় তল্লাশি ও সন্ত্রাসবিরোধী অভিযান অব্যাহত রয়েছে।
