আন্তর্জাতিক ডেস্ক:
মহানবী হযরত মুহাম্মদ (সা.) ও শিয়া মুসলমানদের ষষ্ঠ ইমাম জাফর সাদিক (আ.)-এর জন্মবার্ষিকী উপলক্ষে ইরানে সাজাপ্রাপ্ত ২ হাজার ৫৭৭ জন বন্দীর সাজা মওকুফ বা কমানোর প্রস্তাবে অনুমোদন দিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি।
ইরানের বিচার বিভাগের প্রধান গোলাম হোসেন মোহসেনি এজেয়ির আবেদনের পরিপ্রেক্ষিতে এই বিশেষ ক্ষমার অনুমোদন দেওয়া হয়। হিজরি চন্দ্রপঞ্জিকা অনুযায়ী রবিউল আউয়াল মাসের ১৭ তারিখ মহানবী (সা.) ও ইমাম জাফর সাদিক (আ.)-এর জন্মবার্ষিকী পালিত হয়। এ বছর ৩০ আগস্ট দিবসটি পালিত হয়েছে।
ইরানের সংবিধানের ১১০ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী, বিচার বিভাগের প্রধানের সুপারিশের ভিত্তিতে সাজাপ্রাপ্ত বন্দিদের সাজা কমানো বা সম্পূর্ণ ক্ষমা করার ক্ষমতা সর্বোচ্চ নেতার রয়েছে।
তবে এই সাধারণ ক্ষমা সব ধরনের অপরাধে সাজাপ্রাপ্ত বন্দিদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। গুরুতর অপরাধে দণ্ডিত ব্যক্তিদের এ সুবিধার বাইরে রাখা হয়েছে।
সশস্ত্র সংগ্রাম, সশস্ত্র বা সংঘবদ্ধ মাদক চোরাচালান, সশস্ত্র ডাকাতি, অস্ত্র পাচার, অপহরণ, ঘুষ ও অর্থ আত্মসাতের মতো অপরাধে সাজাপ্রাপ্তরা এই ক্ষমার আওতায় থাকবেন না।
ইরানের বিচার বিভাগ জানিয়েছে, নির্ধারিত শর্ত পূরণকারী ২ হাজার ৫৭৭ জন বন্দীর সাজা বিশেষ এই ক্ষমার মাধ্যমে সম্পূর্ণ বা আংশিকভাবে মওকুফ করা হবে।
