বিনোদন ডেস্ক:
নব্বইয়ের দশক থেকে ঢাকাই সিনেমায় নায়ক হিসেবে দর্শকের ভালোবাসা পাওয়া অভিনেতা অমিত হাসান এখন আগের মতো নিয়মিত বড়পর্দায় অভিনয় করেন না। সময়ের সঙ্গে নায়ক থেকে বিভিন্ন চরিত্রে অভিনয় করে নিজের অবস্থান ধরে রেখেছেন তিনি। দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রেও বসবাস করছেন এই অভিনেতা।
এরই মধ্যে দীর্ঘদিন পর বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) হাজির হয়ে সাংবাদিকদের সঙ্গে ব্যক্তিজীবন, ধর্মচর্চা ও অভিনয় নিয়ে কথা বলেন অমিত হাসান।
ধর্মীয় অনুশীলন ও অভিনয়কে আলাদা বিষয় হিসেবে দেখেন তিনি। ধর্ম পালন করতে গিয়ে অভিনয় ছেড়ে দেওয়ার প্রয়োজন নেই বলেও মনে করেন এই অভিনেতা।
অমিত হাসান বলেন, ‘ধর্মটা নিজের কাছে। আমি চলচ্চিত্রে অভিনয় করছি দেখে ধর্ম করব না, আবার ধর্ম করব দেখে চলচ্চিত্রও ছেড়ে দেব—বিষয়টা এমন নয়। যার যার ব্যক্তিগত চিন্তা থাকতে পারে। আমার ধর্ম-কর্ম আমার কাছে।’
অভিনয়কে নিজের পরিচয় ও জীবিকার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, এফডিসি ও অভিনয়ের মাধ্যমেই মানুষ তাকে অমিত হাসান হিসেবে চিনেছে এবং এই পেশার মাধ্যমেই পরিবার পরিচালনা করেছেন।
ধর্মীয় দায়িত্ব পালনের প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি অবশ্যই আল্লাহকে ডাকব, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব, রোজা করব, হজ করব। এগুলো আমার ধর্মীয় দায়িত্ব। পাশাপাশি অভিনয়ও করব।’
ধর্ম ও কর্মকে পৃথক জায়গা থেকে দেখার কথা জানিয়ে অমিত হাসান বলেন, তিনি কাজের ক্ষেত্রে সৎ থাকার পাশাপাশি ধর্মীয় দায়িত্বও পালনের চেষ্টা করেছেন। তবে নিজের দায়িত্ব কতটা ঠিকভাবে পালন করতে পেরেছেন, তার প্রকৃত বিচার সৃষ্টিকর্তাই করতে পারেন বলে মনে করেন তিনি।
