নিজ সংবাদ:
বিরোধী দলের আশ্রয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী ও সিফাতসহ কয়েকজন প্রধানমন্ত্রী তারেক রহমান ও জিয়া পরিবারকে লক্ষ্য করে অশালীন বক্তব্য ও গালিগালাজ করছেন বলে অভিযোগ করেছেন পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। তিনি দাবি করেন, এ ধরনের বক্তব্য ফৌজদারি অপরাধের আওতায় পড়ে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে বাংলা একাডেমিতে জিয়া স্মৃতি পাঠাগার আয়োজিত নয় দিনব্যাপী বইমেলার আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি অভিযোগ করেন, ফ্যাসিবাদীদের সঙ্গে সুর মিলিয়ে বিরোধী দল আগামী ডিসেম্বরে এক দফার আন্দোলনের ডাক দিচ্ছে। তিনি বলেন, ‘গুপ্তবাহিনী’ যে সাহস দেখিয়ে কথা বলছে, অতীতে ফ্যাসিবাদী শক্তিও এতটা সাহস দেখাতে পারেনি।
মন্ত্রী বলেন, অতীতের ঘটনাগুলোর হিসাব-নিকাশ করে ‘গুপ্তবাহিনী’র বিষয়ে ছাত্রদলকে সতর্ক থাকতে হবে। একই সঙ্গে অশালীন ভাষায় বক্তব্য দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে দেশের প্রতিটি বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদ গড়ে তুলতে ছাত্রদলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।
এ্যানি বলেন, রাজনৈতিক মতপার্থক্য থাকলেও প্রধানমন্ত্রী ও জিয়া পরিবারকে নিয়ে অশালীন বক্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের বক্তব্যের বিরুদ্ধে সাংগঠনিক ও আইনগতভাবে প্রতিরোধ গড়ে তোলার প্রয়োজন রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
