আলমডাঙ্গায় জেলা পরিষদের প্রশাসক শরিফুজ্জামানকে বিএনপির গণসংবর্ধনা

শনিবার, জুন ১৩, ২০২৬

 

আলমডাঙ্গা অফিস \ চুয়াডাঙ্গা জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরিফুজ্জামান শরীফকে আলমডাঙ্গা উপজেলা বিএনপির পক্ষ থেকে গণসংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল শনিবার (৬ জুন)  আলমডাঙ্গা উপজেলা  পরিষদ চত্বরে এ গণসংবর্ধনার আয়োজন করা হয়।  সংবর্ধনাকে কেন্দ্র করে উপজেলার পৌরসভারসহ ১৫ টি ইউনিয়ন  বিএনপির সর্বস্তরের বিপুল সংখ্যক নেতা-কর্মী সেখানে সমবেত হয়ে দলীয় ঐক্যের ডাক দেন। এ সময় নেতা-কর্মীদের উপস্থিতিতে সেখানে এক মিলন মেলায় পরিণত হয়। অনুষ্ঠানের শুরুতে নবনিযুক্ত প্রশাসককে ফুল দিয়ে শুভেচ্ছা জানান  শীর্ষ নেতারা। উপজেলা মঞ্চে সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আক্তার হোসেন জোয়ার্দ্দার। প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরিফুজ্জামান শরীফ। এসময় গভীর শ্রদ্ধার সঙ্গে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াসহ প্রয়াত নেতা-কর্মী ও শহীদদের স্মরণ করে জেলা পরিষদ প্রশাসক বলেন, সময় এসেছে ঐক্যের। সকল ভেদাভেদ, দলাদলি ভুলে একসাথে কাজ করতে হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে। জনগণের কল্যাণে নিয়োজিত থাকতে হবে। এসময় স্থানীয় সরকার নির্বাচনে জয়ের প্রত্যয় ব্যক্ত করে নেতৃবৃন্দ বলেন, অনৈক্যের কারণে বিগত জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গার ২টি আসনেই বিএনপির পরাজয় হয়েছে। তবে আজ অনৈক্যের সেই দেয়াল ভেঙে বিএনপি সম্পূর্ণ ঐক্যবদ্ধ। আগামী দিনের যেকোনো নির্বাচনে বিজয়ী হতে এই ঐক্যকে আরো সুসংগঠিত করতে হবে। তিনি আরো বলেন, এখন থেকে জেলা পরিষদের দরজা সাধারণ মানুষের জন্য সব সময় খোলা থাকবে। চুয়াডাঙ্গার সার্বিক উন্নয়নে বর্তমান সরকার ও জেলা পরিষদ যৌথভাবে কাজ করতে বদ্ধপরিকর। চুয়াডাঙ্গাবাসির  মনে নতুন আশার আলো সঞ্চারিত হয়েছে উল্লেখ করে নতুন প্রশাসক জেলার উন্নয়ন অগ্রযাত্রাকে এক অনন্য উচ্চতায় নিয়ে যেতে সবার সহযোগিতা কামনা করেন। তিনি আরো বলেন, চুয়াডাঙ্গাকে বাংলাদেশের একটি আদর্শ, দুর্যোগ-সহনশীল এবং অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী জেলা হিসেবে গড়ে তুলতে পারলেই আমাদের এই প্রচেষ্টা সার্থক হবে। প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি বর্ষিয়ান নেতা শহিদুল কাউনাইন টিলু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল হক রোকন, পৌর বিএনপির সভাপতি আজিজুর রহমান পিন্টুসহ জেলা ও উপজেলার নেতৃবৃন্দ। উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন ও গোলাম মোস্তফা বিশ্বাসের উপস্থাপনায় উপস্থাপনায় বক্তব্য রাখেন বিএনপি নেতা আনিসুর রহমান, সানোয়ার হোসেন লাড্ডু, কাজী  আলী আজগর সাচ্ছু, হাসিবুল হক লিপু, আব্দুর রাজ্জাক, যুবদল নেতা মেয়ের আসাদুজ্জামান উজ্জ্বল, মাগরিবুর রহমান, স্বেচ্ছাসেবক দল নেতা ইমদাদুল হক, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোমিন মালিথা প্রমুখ। মতবিনিময় সভায় পৌরসভা সহ ১৫ টি ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সর্বস্তরের বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।