চুয়াডাঙ্গা প্রতিনিধি \ চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১০টায় চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়নের আড়িয়া গ্রামে ‘মানবতার জন্য স্বেচ্ছাসেবী সংস্থা’ ও ‘ভিলেজ কনজারভেশন ফাউন্ডেশন’ যৌথভাবে দিবসটি উদযাপন করে। অনুষ্ঠানে পরিবেশ রক্ষায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্লাস্টিকের বিনিময়ে স্থানীয় জনসাধারণের মধ্যে বৃক্ষ বিতরণ করা হয়। এছাড়া গ্রামে ৫০টি ডাস্টবিন স্থাপন, বৃক্ষরোপণ এবং কৃষি জমি থেকে প্লাস্টিক অপসারণে বিশেষ অবদান রাখায় তিনজন কৃষককে মাথাইল, তোয়ালে ও বৃক্ষ উপহার দেওয়া হয়। মানবতার জন্য স্বেচ্ছাসেবী সংস্থা ও ভিলেজ কনজারভেশন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি শাহিন সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও প্রাণী চিকিৎসক মাহবুব হাসান। আয়োজকরা জানান, প্লাস্টিক দূষণ রোধ, পরিবেশ সুরক্ষা এবং সবুজায়নের মাধ্যমে একটি পরিচ্ছন্ন ও সুস্থ পরিবেশ গড়ে তোলাই তাদের লক্ষ্য। অনুষ্ঠানে স্থানীয় কৃষক ও সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
