নিজ সংবাদ \ কুষ্টিয়ায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীদের একটি ঝটিকা মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। গতকাল শুক্রবার বিকেলে কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সভাপতি মীর আহসানুল হক অভির ফেসবুক অ্যাকাউন্ট থেকে মিছিলের একটি ভিডিও ক্লিপ প্রকাশ করা হয়। ভিডিওতে দেখা যায়, কুষ্টিয়া শহরের হাউজিং এ ব্লক এলাকার কোনো এক স্থানে মীর আহসানুল হক অভির নেতৃত্বে ৫০ থেকে ৬০ জন নেতাকর্মী মিছিল করেন। এ সময় তারা “জয় বাংলা, জয় বঙ্গবন্ধু”, “শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই”সহ বিভিন্ন স্লোগান দেন। পরে বেশ কয়েকটি মোটরসাইকেল নিয়ে একটি শোডাউনও করতে দেখা যায় তাদের। জানা যায়, গত ২২ মে কেন্দ্রীয় ছাত্রলীগ মীর আহসানুল হক অভিকে সভাপতি এবং পান্থ শাহরিয়ার অর্পণকে সাধারণ সম্পাদক করে কুষ্টিয়া জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করে। উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণ করে। একই বছরের ২৩ অক্টোবর স্বরাষ্ট্র মন্ত্রণালয় ‘সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯’-এর ক্ষমতাবলে বাংলাদেশ আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে। নিষিদ্ধ ঘোষণার পর কুষ্টিয়ায় ছাত্রলীগ নেতাকর্মীদের এমন প্রকাশ্য মিছিল ও শোডাউনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে। এদিকে নিষিদ্ধ ছাত্রলীগের কুষ্টিয়া শহরে প্রকাশ্যে মিছিলের প্রতিবাদে রাতে শহরে বিক্ষোভ-সমাবেশ করেছে ছাত্রদলের নেতা-কর্মীরা।
