চুয়াডাঙ্গার সড়ক দূর্ঘটনায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভের মৃত্যু

শনিবার, জুন ১৩, ২০২৬

 

চুয়াডাঙ্গা প্রতিনিধি \ চুয়াডাঙ্গা পৌর এলাকার ঘোড়ামারা ব্রিজ সংলগ্ন স্থানে সড়ক দুর্ঘটনায় আকিব হোসেন (২৮) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। তিনি বেনহাম ফার্মাসিউটিক্যালস লিমিটেডের বিক্রয় প্রতিনিধি (মেডিকেল রিপ্রেজেন্টেটিভ) হিসেবে কর্মরত ছিলেন। গতকাল বৃহস্পতিবার রাত পৌনে ৮টার দিকে ঝড়-বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়ার মধ্যে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। আকস্মিক এ মৃত্যুর খবরে পরিবার, স্বজন, সহকর্মী ও ওষুধ ব্যবসায়ী মহলে শোকের ছায়া নেমে এসেছে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, ঝড়-বৃষ্টির মধ্যে মোটরসাইকেলে করে যাওয়ার সময় ঘোড়ামারা ব্রিজ এলাকায় দ্রুতগতির পূর্বাশা পরিবহনের যাত্রীবাহী কোচের সঙ্গে আকিব হোসেনের মোটরসাইকেলের সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে তাকে উদ্ধার করেন। পরে আশঙ্কাজনক অবস্থায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত আকিব হোসেন চুয়াডাঙ্গা শহরের বড় বাজার এলাকার পরিচিত ওষুধ ব্যবসায়ী আসিফের ছোট ভাই। পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি তার ভদ্র ও আন্তরিক আচরণের কারণে সহকর্মী এবং ব্যবসায়ী মহলে তিনি পরিচিত ছিলেন বলে জানিয়েছেন স্থানীয়রা। হাসপাতালে মৃত্যুর খবর পৌঁছানোর পর পরিবারের সদস্যদের মধ্যে শোকের মাতম শুরু হয়। স্বজনদের কান্নায় হাসপাতাল চত্বরের পরিবেশ ভারী হয়ে ওঠে। আকিবের সহকর্মীরাও হাসপাতালে ছুটে এসে গভীর শোক প্রকাশ করেন। স্থানীয়দের দাবি, প্রতিকূল আবহাওয়ার সময় মহাসড়কে যানবাহনের অতিরিক্ত গতি প্রায়ই দুর্ঘটনার ঝুঁকি বাড়িয়ে দেয়। এ ধরনের দুর্ঘটনা রোধে চালকদের আরও সতর্কতা অবলম্বনের পাশাপাশি সড়কে কঠোর নজরদারির প্রয়োজন রয়েছে। চুুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধান এবং প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।