নিজ সংবাদ:
বাংলাদেশ ও চীনের মধ্যকার প্রশাসনিক সহযোগিতা ও অভিজ্ঞতা বিনিময় জোরদার করতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তাদের একটি প্রতিনিধি দল চীন সফরে গেছে। মঙ্গলবার (২ জুন) দুপুর ২টায় চায়না ইস্টার্ন এয়ারলাইনসের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১৫ সদস্যের প্রতিনিধি দলটি চীনের উদ্দেশে রওনা হয়।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেসসচিব আতিকুর রহমান রুমন জানিয়েছেন, চীন সরকার এবং ঢাকায় অবস্থিত চীনা দূতাবাসের সহযোগিতায় আয়োজিত একটি প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নিতে এই সফরের আয়োজন করা হয়েছে। প্রশিক্ষণটি চীনের ইউনান প্রদেশের রাজধানী কুনমিংয়ে অনুষ্ঠিত হবে এবং আগামী ৮ জুন পর্যন্ত চলবে।
প্রতিনিধি দলে রয়েছেন এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক ড. মোহাম্মদ জকরিয়া, অতিরিক্ত প্রেসসচিব আতিকুর রহমান রুমন, প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১ মোহাম্মদ মামুন শিবলী, একান্ত সচিব-২ মেহেদুল ইসলামসহ প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
সফরের আগে সোমবার ঢাকায় আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ও চীনের মধ্যে উচ্চপর্যায়ের যোগাযোগ ও সহযোগিতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। এই প্রশিক্ষণ কর্মসূচি দুই দেশের মধ্যে পারস্পরিক বোঝাপড়া, অভিজ্ঞতা বিনিময় এবং প্রশাসনিক সক্ষমতা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
রাষ্ট্রদূত আশা প্রকাশ করেন, প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী কর্মকর্তারা চীনের উন্নয়ন, আধুনিকায়ন ও প্রশাসনিক ব্যবস্থাপনার অভিজ্ঞতা থেকে অর্জিত জ্ঞান বাংলাদেশের উন্নয়ন কর্মকাণ্ডে কার্যকরভাবে কাজে লাগাতে সক্ষম হবেন।
সংশ্লিষ্টরা মনে করছেন, এই সফর বাংলাদেশ-চীন সম্পর্ককে আরও শক্তিশালী করার পাশাপাশি সরকারি কর্মকর্তাদের দক্ষতা উন্নয়নেও ইতিবাচক ভূমিকা রাখবে।
