নিজ সংবাদ:
ভোক্তাদের জন্য স্বস্তির খবর এনে জুন মাসে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ও অটোগ্যাসের দাম কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৫৫ টাকা কমিয়ে ১ হাজার ৮৮৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
মঙ্গলবার (২ জুন) বিইআরসির পক্ষ থেকে জানানো হয়, সন্ধ্যা ৬টার পর থেকেই নতুন মূল্য কার্যকর হবে। একই সঙ্গে যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দামও কমানো হয়েছে। প্রতি লিটার অটোগ্যাসের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ৮৬ টাকা ৯৩ পয়সা, যা আগে ছিল ৮৯ টাকা ৫০ পয়সা।
এর আগে গত ১৯ এপ্রিল ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২১২ টাকা বাড়িয়ে ১ হাজার ৯৪০ টাকা করা হয়েছিল। তারও আগে ২ এপ্রিল আরও ৩৮৭ টাকা বাড়িয়ে দাম নির্ধারণ করা হয় ১ হাজার ৭২৭ টাকা। ফলে এপ্রিল মাসে দুই দফায় মোট ৫৯৯ টাকা বেড়েছিল ১২ কেজি এলপিজির দাম।
দীর্ঘ মূল্যবৃদ্ধির পর জুন মাসে দাম কমানোর সিদ্ধান্তে সাধারণ ভোক্তাদের মধ্যে কিছুটা স্বস্তি ফিরে এসেছে। তবে আন্তর্জাতিক বাজার পরিস্থিতির ওপর নির্ভর করে ভবিষ্যতে দামের ওঠানামা অব্যাহত থাকতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
